
ফসলের সাথে এ কেমন শত্রুতা
গোয়ালন্দে শত্রুতার জেরে ফসলে পচন বিষ প্রয়োগ ও গাছ কর্তন
মো. সাজ্জাদ হোসেন
গোয়ালন্দ(রাজবাড়ী) প্রতিনিধি
শত্রুতার জেরে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড চর মহিদাপুর গ্রামের ৩ চাষির প্রায় ১৬ বিঘা জমির পিয়াজ ও মিষ্টি কুমড়া ক্ষেতে পচন বিষ প্রয়োগ ও ফসলের গোড়া কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে প্রায় ১৫/২০ লক্ষ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগী চাষি মুক্তার হোসেনসহ অন্যরা ।
বৃহস্পতিবার সরেজমিনে দুপুরে ওই চাষির কৃষি জমিতে গিয়ে দেখা যায়, মাথায় হাত দিয়ে আহাজারি করছেন তারা।
স্থানীয়রা জানান, ২৫ তারিখ সোমবার দিবাগত রাতে মুক্তার হোসেন, জয়নাল শেখ ও সোহাগ গাজী নামে ৩ জন কৃষকের ১৬ বিঘা জমিতে রোপণকৃত পিয়াজ ও মিষ্টি কুমড়া ক্ষেতে কে বা কারা বিষ প্রয়োগ ও ফসলের গোড়া কেটে ফেলেছে।
ভুক্তভোগী মুক্তার হোসেন, জয়নাল শেখ ও সোহাগ গাজী জানান, উজানচর ৯ নং ওয়ার্ড এলাকার মহিদাপুর চরের লেবুর বাগানের পাশে ৪ বিঘা জমিতে পেঁয়াজ ও ১২ বিঘা জমিতে মিষ্টি কুমড়া রোপন করেছিলাম। আনুমানিক জমিতে চাষাবাদে প্রায় ৮- ১০ লক্ষ টাকা খরচ করেছি। আশা করেছিলাম সব মিলে ২০ লক্ষ টাকা বিক্রি করব। তারা আরও জানান, এই জমি নিয়ে স্থানীয় বাচ্চু নামে এক যুবকের সাথে পূর্ব থেকে বিরোধ ছিল আমাদের। বিরোধ মীমাংসায় ইতিমধ্যে আমরা ৫৫ হাজার টাকা তাকে দিয়েছি। হঠাৎ গত ২৫ নভেম্বর সোমবার রাতে আমার কৃষি জমিতে দুর্বৃত্তরা ফসলে বিষ ও গোড়া কেটে দিয়েছে। আমরা ধারণা করছি বাচ্চুই এই কাজটি করেছে।
এ ব্যাপারে অভিযুক্ত বাচ্চুর মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছে তবে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এব্যাপারে গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, ফসল ক্ষতির সংক্রান্ত ব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।