
নিজস্ব প্রতিবেদক :
রাজবাড়ী সদরের একটি মধ্যবিত্ত যৌথ পরিবার থেকে উঠে আসা এক সংগ্রামী নারী, যিনি নিজের অধ্যবসায়, মেধা ও সাহসিকতা দিয়ে আজ পৌঁছে গেছেন বাংলাদেশ পুলিশের এক গুরুত্বপূর্ণ পদে। তিনি হামিদা পারভীন, পিপিএম — বর্তমানে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম পুলিশ কমিশনার, প্রোটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি।
১৪ ভাই-বোনের বিশাল সংসারে বেড়ে ওঠা হামিদা কখনোই বাড়তি মনোযোগ পাননি, কিন্তু তাঁর শিক্ষানুরাগী বাবার স্বপ্ন আর মায়ের নিরঙ্কুশ অনুপ্রেরণা তাঁকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রাণিবিদ্যায় মাস্টার্স সম্পন্ন করে বাবার শেষ ইচ্ছা পূরণে ২০০৩ সালে ২১তম বিসিএসের মাধ্যমে যোগ দেন বাংলাদেশ পুলিশে।
দীর্ঘ ২০ বছরের কর্মজীবনে তিনি দায়িত্ব পালন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন, স্পেশাল ব্রাঞ্চ, ডিএমপি রমনা ক্রাইম বিভাগ, র্যাব ও আর্মড পুলিশে। ২০০৯ সালে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভোরিকোস্টে দায়িত্ব পালন করে অর্জন করেন জাতিসংঘ শান্তিরক্ষা পদক। ২০১৬ সালে পুলিশ সুপার পদে পদোন্নতি পেয়ে ডিএমপির প্রোটেকশন বিভাগে প্রথম নারী কর্মকর্তা হিসেবে তিন বছরেরও বেশি সময় ধরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি সকল ভিভিআইপি/ভিআইপি-দের নিরাপত্তার দায়িত্ব সামলেছেন।
তাঁর পেশাদারিত্ব ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তিনবার (২০১৬, ২০১৮, ২০২২) আইজিপি গুড সার্ভিস ব্যাজ এবং দুইবার (২০১৭ ও ২০২৪) পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) অর্জন করেন যা তাঁকে করেছে রাজবাড়ীর এক অনন্য গৌরবের প্রতীক।
২০১৯ সালে উইমেন সাপোর্ট অ্যান্ড ইনভেস্টিগেশন ডিভিশনের উপ-পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব নিয়ে তিনি ভিকটিম সাপোর্ট সেন্টারকে গড়ে তোলেন নির্যাতিতদের প্রকৃত ভরসাস্থল হিসেবে। স্কুল-কলেজ ও গার্মেন্টসে সচেতনতামূলক ক্যাম্পেইনের মাধ্যমে সাইবার ক্রাইম, মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতনের বিরুদ্ধে গড়ে তুলেছেন ব্যাপক সামাজিক আন্দোলন। এমনকি নিজ উদ্যোগে গড়া ছাদবাগান জাতীয় পুরস্কারও অর্জন করেছে ২০২১ সালে।
আত্মবিশ্বাস, স্বপ্ন আর নিরলস পরিশ্রম এই তিনটি শব্দই যেন হামিদা পারভীনের জীবনের সাফল্যগাথা। আমরা রাজবাড়ীবাসী গর্বিত এমন একজন সাহসী ও মানবিক কর্মকর্তাকে নিয়ে।
দোয়া করি, তিনি ও তাঁর পরিবারের সকলে যেন সুস্থ থাকেন, দীর্ঘায়ু লাভ করেন এবং কর্মজীবনে আরও সাফল্য অর্জন করেন।
তথ্য সংগ্রহে যথাসাধ্য সতর্কতা অবলম্বন করা হয়েছে, তবুও কোনো তথ্যে অসঙ্গতি বা ভুল থাকলে অনুগ্রহ করে কমেন্টে বা ইনবক্সে জানান যাচাই সাপেক্ষে দ্রুত সংশোধন করে নেওয়া হবে।