
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মাদকবিরোধী বিশেষ অভিযানে কাটাখালী পুলিশ ফাঁড়ি ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, এটি আরএমপির ইতিহাসে এক অভিযানে উদ্ধার হওয়া সর্বোচ্চ পরিমাণ গাঁজার চালান।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ জুলাই ২০২৬ তারিখ রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কাটাখালী থানাধীন কাপাসিয়া গ্রামের মেসার্স সোহাইল ফিলিং স্টেশন থেকে প্রায় ১৫০ গজ পূর্বে রাজশাহী-নাটোর মহাসড়কের উত্তর পাশের একটি কলাবাগানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেখানে পরিত্যক্ত অবস্থায় থাকা তিনটি চটের বস্তা তল্লাশি করে ৯টি পোটলায় রাখা মোট ৫৩ কেজি ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে পুলিশ জানতে পারে, মহাসড়কে পুলিশের নিয়মিত চেকপোস্ট থাকায় মাদক পাচারকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে গাঁজার চালানটি নির্জন ওই কলাবাগানে ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ পরিত্যক্ত অবস্থায় থাকা মাদকদ্রব্য জব্দ করে আইনানুগ প্রক্রিয়ায় থানায় নিয়ে যায়।
উদ্ধার করা গাঁজা থানার মালখানায় সংরক্ষণ করা হয়েছে। এ ঘটনায় মাদকের প্রকৃত মালিক এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
আরএমপি জানিয়েছে, বর্তমান পুলিশ কমিশনারের নির্দেশনায় মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে মহানগরজুড়ে বিশেষ অভিযান আরও জোরদার করা হবে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও পাচারকারীদের আইনের আওতায় আনতে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।