
ইমন সরকার, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের ভালুকা পৌরসভার ব্যস্ততম এলাকায় ফুটপাত ও সড়কের পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে উপজেলা প্রশাসন পরিচালনা করেছে ব্যাপক অভিযান। পথচারীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ও শহরের শৃঙ্খলা রক্ষায় এ উদ্যোগ গ্রহণ করা হয়।
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে পরিচালিত হয় এ উচ্ছেদ অভিযান। বাসস্ট্যান্ড, বাজার রোড ও পাঁচরাস্তার মোড় এলাকা ঘিরে গড়ে ওঠা প্রায় শতাধিক অবৈধ দোকান ও স্থাপনা সরিয়ে দেওয়া হয় এ সময়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, “ফুটপাত ও রাস্তার পাশে গড়ে ওঠা এসব অবৈধ দোকান ও কাঠামো পথচারীদের চলাচলে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছিল। আমরা পূর্বেই ব্যবসায়ীদের নোটিশ দিয়ে সতর্ক করেছিলাম। আজকের অভিযানে তাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা পেয়েছি।”
তিনি আরও জানান, “উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। যেন কেউ বঞ্চিত বা ক্ষতিগ্রস্ত না হয়। ভবিষ্যতেও এই ধরনের দখলদারিত্বের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখযোগ্য এ উদ্যোগে শহরবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনের এ পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।