
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কালামৃধা ইউনিয়নের দেওড়া নয়াকান্দি গ্রামে বিয়ের অনুষ্ঠানে মাংস কম দেওয়াকে কেন্দ্র করে বর ও কনেপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন বলে জানা গেছে। ৮ জুন সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিয়ের অনুষ্ঠানে বরযাত্রীদের আপ্যায়নের সময় মাংস পরিবেশন নিয়ে বর ও কনেপক্ষের কয়েকজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা উত্তপ্ত হয়ে সংঘর্ষে রূপ নেয়। পরে উভয় পক্ষের লোকজন এতে জড়িয়ে পড়লে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
সংঘর্ষে অন্তত ৮ জন আহত হন। আহতদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে। তবে তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
খবর পেয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।ঘটনার পর পর বিয়ের আনন্দ বিষাদে রূপ নেয়। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তারা উভয় পক্ষকে বুঝিয়ে এবং সামাজিক সালিশের আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
এই ঘটনার পর বর ও কনে—উভয় পরিবারের অভিভাবকরাই চরম বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন। সামান্য মাংস নিয়ে এমন তুমুল সংঘর্ষের ঘটনায় পুরো কালামৃধা ইউনিয়ন জুড়ে ব্যাপক চাঞ্চল্য ও হাস্যরসের সৃষ্টি হয়েছে। এলাকায় অতিরিক্ত উত্তেজনা এড়াতে স্থানীয় মাতব্বররা বিষয়টি সামাজিকভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলে জানা গেছে।