
সৌদিতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত
আল মামুন শিপন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:
সৌদি আরবে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের একই পরিবারের দুই সহোদর ভাই নিহত হয়েছেন। নিহতরা হলেন সজীব ও সুজন,তারা উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের গণিপুর খলিফার বাড়ির কামারহাট বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মালেকের বড় ছেলে ও মেজো ছেলে।
সহকর্মীদের বরাতে জানা যায়,গতরাত ভোররাতে সৌদি আরবে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল নিয়ে ফেরার পথে তাদের বহনকারী গাড়িটিকে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই দুই ভাই গুরুতর আহত হন এবং পরে তাদের মৃত্যু হয়।
দুই সহোদর ভাইয়ের আকস্মিক মৃত্যুর সংবাদ দেশে পৌঁছালে চন্দ্রগঞ্জ ইউনিয়নের কামারহাট বাজারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে ওঠে। স্থানীয় বাসিন্দারা জানান, সজীব ও সুজন ছিলেন ভদ্র, পরিশ্রমী ও সবার কাছে অত্যন্ত প্রিয় মানুষ। জীবিকার তাগিদে তারা সৌদি আরবে কর্মরত ছিলেন।
এই হৃদয়বিদারক ঘটনায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধি, ব্যবসায়ী সমাজ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে শোক প্রকাশ করে নিহতদের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এদিকে, নিহত দুই ভাইয়ের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে এনে নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও বাংলাদেশ দূতাবাসের জরুরি সহযোগিতা কামনা করেছেন পরিবারের সদস্যরা।
এলাকাবাসী মহান আল্লাহর দরবারে নিহত দুই ভাইয়ের রুহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় শোক সহ্য করার শক্তি দান করার জন্য দোয়া করেছেন।