
সরকার শাহাদত হোসেনঃ
গাইবান্ধায় শীতের আগমনী বার্তা জানান দিচ্ছে লেপ-তোষক তৈরির ব্যস্ততা। দিন যতই গড়াচ্ছে, ততই বাড়ছে শীতের আমেজ। শীত পুরোপুরি জেঁকে বসার আগেই শীত নিবারণের প্রস্তুতি নিতে শুরু করেছেন সাধারণ মানুষ। আর সেই প্রস্তুতিকে ঘিরে গাইবান্ধা শহরের বিভিন্ন এলাকার লেপ-তোষক তৈরির কারিগর ও ব্যবসায়ীদের এখন দম ফেলার ফুরসত নেই।
বিশেষ করে শহরের কাচারীবাজার ও প্রেস ক্লাবের আশপাশের লেপ-তোষক তৈরির দোকানগুলোতে প্রতিদিনই বাড়ছে ক্রেতাদের আনাগোনা। কেউ পুরোনো লেপ-তোষক মেরামত করছেন, কেউবা পরিবারের সদস্যদের জন্য তৈরি করছেন নতুন লেপ-তোষক। শীতের আগাম প্রস্তুতি হিসেবে অনেকেই পছন্দের কাপড় ও তুলা বেছে নিয়ে অর্ডার দিচ্ছেন।
সরেজমিনে দেখা যায়, গাইবান্ধা প্রেস ক্লাবের আশপাশের দোকানগুলোতে তুলা ধুনানো, কাপড় কাটা, সেলাই ও লেপ-তোষক তৈরির কাজে ব্যস্ত সময় পার করছেন কারিগররা। কেউ তুলা পরিষ্কার করছেন, কেউ নিপুণ হাতে কাপড়ের ভেতরে তুলা ভরে তৈরি করছেন শীতের আরামদায়ক লেপ। দোকানগুলোর সামনে সাজিয়ে রাখা হয়েছে বিভিন্ন ধরনের তুলা ও লেপ-তোষকের কাপড়।
শহরের কাচারীবাজার এলাকায় পাহাড়ি বেডিং অ্যান্ড হাউস, বিসমিল্লাহ বেডিং অ্যান্ড স্টোর এবং মেসার্স দুলাল বেডিং স্টোরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে লেপ-তোষক, তুলা ও প্রয়োজনীয় কাপড় পাওয়া যাচ্ছে। এসব দোকানে ক্রেতারা নিজেদের পছন্দ, প্রয়োজন ও সামর্থ্য অনুযায়ী তুলা ও কাপড় বেছে নিচ্ছেন।
দোকানগুলোতে প্রাপ্ত তথ্য অনুযায়ী, কাপড়ের মান, তুলার গুণগত বৈশিষ্ট্য ও পরিমাণভেদে একটি তোষক তৈরিতে আনুমানিক ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকা খরচ হতে পারে। অন্যদিকে ৪ থেকে ৫ হাত মাপের একটি লেপ তৈরিতে খরচ পড়তে পারে প্রায় ১ হাজার ২৫০ থেকে ১ হাজার ৩০০ টাকা। তবে তুলার মান, পরিমাণ, কাপড়ের গুণগত মান ও মাপ অনুযায়ী দাম কমবেশি হতে পারে। তুলার পরিমাণ ৪-৫ কেজির বেশি হলে খরচও বাড়বে। অর্থাৎ মান যত ভালো, দামও তত বেশি—ক্রেতাদের এমন হিসাব করেই পছন্দ করতে হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী।
কারিগর ও ব্যবসায়ীরা জানান, প্রতিবছর শীত মৌসুমে লেপ-তোষকের চাহিদা বেড়ে যায়। শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে অর্ডারও বাড়তে থাকে। এ সময় কাজের চাপ সামাল দিতে সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করতে হয়। আগাম প্রস্তুতির কারণে এবারও ধীরে ধীরে কাজের ব্যস্ততা বাড়ছে।
এদিকে শীতের আগমনকে ঘিরে লেপ-তোষক তৈরির এই কর্মচাঞ্চল্য শুধু মানুষের শীত প্রস্তুতির কথাই বলছে না, বরং মৌসুমি ব্যবসার সঙ্গে জড়িত কারিগর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবিকায়ও নতুন গতি সঞ্চার করছে।
সব মিলিয়ে গাইবান্ধায় শীতের আগমনী বার্তা এখন শুধু কুয়াশা কিংবা ঠান্ডা বাতাসে সীমাবদ্ধ নেই; শহরের বেডিং দোকানগুলোর ব্যস্ততা, তুলা ধুনানোর শব্দ আর নতুন লেপ-তোষকের অর্ডারেই যেন জানান দিচ্ছে—দোরগোড়ায় শীত!