
স্টাফ রিপোর্টার রিমন হোসেন
মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল ও যমুনা সেতু মহাসড়কের বাসাইল উপজেলার করাতিপাড়া বাইপাস এলাকায় দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে ৩ জন। নিহতরা একই পরিবারের বাবা ও দুই ছেলে। নিহতরা হলেন- শেরপুর জেলার সদর উপজেলার কামারচর এলাকার অতুল মন্ডল (১৪), রাতুল মন্ডল (২৪) ও তাদের বাবা আমজাদ মন্ডল (৫০)।
গোড়াই হাইওয়ে থানার (ওসি) মোহাম্মদ জামাল উদ্দিন বলেন, মঙ্গলবার (৩ জুন) সকালে ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাইক্রোবাসটি শেরপুর যাচ্ছিল। মাইক্রোবাসটি মহাসড়কের করাতিপাড়া বাইপাস এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পিছন দিক থেকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলে মাইক্রোবাসের যাত্রী বাবা ও দুই ছেলের মৃত্যু হয়। আহত হয় নিহত আমজাদ মণ্ডলের স্ত্রীসহ ৩ জন। পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ব্যাপারে বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) জালাল উদ্দিন জানান, মহাসড়কে দুর্ঘটনা ঘটায় নিহতদের মরদেহ গোড়াই হাইওয়ে থানায় রাখা হয়েছে। আইনীপ্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।