
নোয়াখালী প্রতিনিধিঃ
বিদ্যালয়ে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা। পথে সিএনজিচালিত অটোরিকশায় ওঠার পর তাঁর সঙ্গে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। যাত্রীবেশে থাকা কয়েকজনের বিরুদ্ধে স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ করেছেন তিনি। ঘটনাটি ঘটেছে নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার নাজিরনগর এলাকায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মমতাজ বেগম (৪৩) ডোমনাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর স্বামী মো. মাহফুজ আলম প্রবাসে রয়েছেন।
থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে মমতাজ বেগম উল্লেখ করেন, প্রতিদিনের মতো ঘটনার দিনও বাড়ির সামনে থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বিদ্যালয়ের পথে রওনা হন তিনি। গাড়িতে চালক ছাড়াও কয়েকজন যাত্রী ছিলেন। অটোরিকশাটি তিনশরিফ এলাকায় পৌঁছানোর পর পেছনের আসনে থাকা কয়েকজনের বিরুদ্ধে তাঁর স্বর্ণালংকার ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।
ভুক্তভোগীর অভিযোগ, এ সময় তাঁকে ভয়ভীতি দেখিয়ে হাতের বালা, কানের দুল, আংটি, গলার চেইন ও লকেটসহ বিভিন্ন স্বর্ণালংকার নিয়ে যায় অভিযুক্তরা। পরে তাঁকে সেবারহাট বাজারের পশ্চিম পাশের একটি ফাঁকা সড়কে নামিয়ে দিয়ে চলে যায় অটোরিকশাটি। তাঁর দাবি, খোয়া যাওয়া অলংকারের আনুমানিক মূল্য ৩ লাখ টাকা।
ঘটনার পর শিক্ষিকা বিষয়টি স্বামী ও নিকটাত্মীয়দের জানান। অভিযুক্তদের পরিচয় শনাক্ত করতে না পারা এবং পারিবারিক আলোচনার কারণে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা সময় লেগেছে বলে লিখিত আবেদনে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় অজ্ঞাতপরিচয় পাঁচজনকে অভিযুক্ত করে সেনবাগ থানায় লিখিত অভিযোগ দিয়েছেন মমতাজ বেগম। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।
সেনবাগ থানার এসআই পলেন বডুয়া অভিযোগের বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করছে।