
জামালপুর জেলার বিশেষ প্রতিনিধি: মোঃ লিটন রাজ:
জামালপুরে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রাতে (২৪ নভেম্বর) রাত ৯টার দিকে জামালপুর শহরের বিভিন্ন স্থান থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভে অংশ নেন।
জামালপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সোহেল রানা খানের নেতৃত্বে অনুষ্ঠিত এ বিক্ষোভ মিছিলে জেলার বিভিন্ন ওয়ার্ড থেকে নেতাকর্মী ও সমর্থকরা অংশগ্রহণ করেন। পরে বিভিন্ন স্থান থেকে আসা মিছিলগুলো একত্রিত হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রতিবাদ জানান।
বিক্ষোভ চলাকালে সোহেল রানা খান বলেন, পালিয়ে যাওয়া ফ্যাসিবাদী শক্তি আবারও দেশে ফিরে আসার চেষ্টা করছে। তিনি বলেন, দেশে ফিরে এলে অতীতের কর্মকাণ্ডের জন্য আইনের মুখোমুখি হতে হবে। যারা দেশের মানুষের ওপর নির্যাতন চালিয়েছে, তাদের বিচার নিশ্চিত করতে হবে।
এ সময় বক্তব্যে তিনি আরও বলেন, দেশের মাটিতে অপরাধীদের বিচার হওয়া উচিত এবং জনগণ ন্যায়বিচার প্রত্যাশা করে।
বিক্ষোভ মিছিলে জামালপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. নুর ইসলাম কাল বলেন, ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে হত্যার অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার করতে হবে। যারা এসব ঘটনার সঙ্গে জড়িত, তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
এ ছাড়া মিছিলে অংশ নেওয়া অন্যান্য নেতাকর্মীরাও বক্তব্যে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ডের সমালোচনা করেন এবং দেশের বাইরে থেকে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ তুলে তার জবাব দেওয়ার আহ্বান জানান।
বিক্ষোভ মিছিলে বক্তারা বলেন, দেশে গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় তারা রাজপথে আন্দোলন অব্যাহত রাখবেন।