
জাহেদ হোসেন খান, চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
দেশব্যাপী সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির ঘোষিত ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি সফল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঐক্যবদ্ধ। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং শান্তিপূর্ণভাবে দলীয় কর্মসূচি বাস্তবায়নে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বদুরপাড়াস্থ সংসদ সদস্যের বাসভবনে চন্দনাইশ উপজেলা বিএনপি, চন্দনাইশ পৌরসভা বিএনপি, দোহাজারী পৌরসভা বিএনপি, উত্তর সাতকানিয়া সাংগঠনিক বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি সিরাজুল ইসলাম।
সভায় উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হাশেম রাজু, সিরাজুল ইসলাম সওদাগর, সাবেক সদস্য সচিব মোরশেদুল আলম চৌধুরী, সাবেক যুগ্ম আহ্বায়ক আবদুল মাবুদ মাহাদু, বাহাউদ্দীন চৌধুরী, আরিফুল ইসলাম মারুফ, মনজুর মোর্শেদ, গাছবাড়িয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি আবদুর রউফ, বিএনপি নেতা কামরুল হাছান, মহিউদ্দীন, নজরুল ইসলাম আবদুল মেম্বার, সেলিম উদ্দিন, আইনুল হুদা, আরমান, আবদুস ছবুর, সাগর, শামসুল ইসলাম, শহিদুল ইসলাম, রিয়াদ কামাল, আনিস সিকদার, নাছির উদ্দীন, যুবদল নেতা আল মোহাম্মদ হিরু, নুরুল কবির কমিশনার, আবু বক্কর, তরিকুল ইসলাম টুটুল, নেছার উদ্দিন, ইখতিয়ার উদ্দিন, আযম খান, শহিদুল ইসলাম, ছাত্রদল নেতা আবদুর রহিম, ইরফান, তানভীরসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জসীম উদ্দীন আহমেদ বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি কাজ করছে। চট্টগ্রাম-১৪ আসনের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে দলীয় নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের নৈরাজ্য যাতে এলাকায় ছড়িয়ে পড়তে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক ও সচেতন থাকার আহ্বান জানান তিনি।
এ সময় তিনি সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টার অভিযোগ তুলে বলেন, এসব ঘটনা প্রতিরোধে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে যারা বিভিন্ন স্থানে পাহারার দায়িত্ব পালন করেছেন, তাদের ত্যাগ ও পরিশ্রমের প্রশংসা করেন তিনি।
দলীয় ঐক্যের ওপর গুরুত্বারোপ করে সংসদ সদস্য বলেন, রাজনীতিতে বিভেদ, হয়রানি ও স্বার্থসিদ্ধির প্রবণতা পরিহার করে সবাইকে নিয়ে কাজ করতে হবে। কোনো বিতর্কিত ব্যক্তির কর্মকাণ্ডে দল যেন প্রশ্নবিদ্ধ না হয়, সেদিকে নেতাকর্মীদের সতর্ক থাকতে হবে। অসহায়, দরিদ্র ও শ্রমজীবী মানুষের কল্যাণে কাজ করাই তাঁর অন্যতম লক্ষ্য বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, এলাকার উন্নয়ন, সুশাসন ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে কাজ করা হবে। ভবিষ্যতে স্থানীয় সরকার নির্বাচনে যোগ্য ও গ্রহণযোগ্য ব্যক্তিদের সামনে আনার বিষয়েও দলীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করা হবে।
সভা শেষে ডিসেম্বর মাসব্যাপী বিএনপির ঘোষিত কর্মসূচি চন্দনাইশ ও সাতকানিয়ার সংশ্লিষ্ট এলাকায় সফলভাবে বাস্তবায়নে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সংসদ সদস্য। উপস্থিত নেতাকর্মীরা তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান এবং বিভিন্ন স্লোগান দেন।
ছবির ক্যাপশন: চন্দনাইশে বিএনপির ডিসেম্বর মাসব্যাপী কর্মসূচি সফল করতে আয়োজিত প্রস্তুতি সভায় বক্তব্য দেন চট্টগ্রাম-১৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব জসীম উদ্দীন আহমেদ। শনিবার বদুরপাড়াস্থ তাঁর বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়।