
‘আ’লীগকে পুনর্বাসন করলে হাসিনার আগমন ও সরকারপতন একই সঙ্গে হবে’
রাকিবুল হাসান রাকিব সদর উপজেলা প্রতিনিধি লক্ষ্মীপুর:
আওয়ামী লীগকে পুনর্বাসনের উদ্যোগ অব্যাহত রাখলে শেখ হাসিনার প্রত্যাবর্তন ও সরকারের পতন একই সঙ্গে ঘটবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ড. মুহাম্মদ রেজাউল করিম।
বুধবার (২৫ নভেম্বর) সকালে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সম্মেলনে রুকনদের ভোটে চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের আমির নির্বাচিত হন সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন।
ড. মুহাম্মদ রেজাউল করিম বলেন, ‘আপনারা যদি আওয়ামী লীগকে পুনর্বাসন করেন, একদিকে ঐক্যের কথা বলেন, আরেকদিকে পুনর্বাসন প্রকল্প জারি রাখেন, তাহলে মনে রাখবেন, শেখ হাসিনার আগমন এবং সরকারপতন একই সঙ্গে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের মানুষ আর ফ্যাসিবাদের রাজনীতি দেখতে চায় না। খুনের রাজনীতি, তাণ্ডবের রাজনীতি দেখতে চায় না।’
তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাঁকে ফাঁসির মঞ্চে যেতে হবে। এ জন্য কোনো রাজনৈতিক দলের প্রয়োজন হবে না বলেও মন্তব্য করেন তিনি। তাঁর ভাষ্য, শেখ হাসিনার শাসনামলে নির্যাতিত ব্যক্তিরাই তাঁকে দেশে ফেরার পথে ধরে নিয়ে ফাঁসি কার্যকর করবেন।
বিভিন্ন স্থানে বোমাবাজি, গাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে ক্ষমতাসীনদের কর্মকাণ্ডের ফল বলে দাবি করেন জামায়াতের এই নেতা। তিনি অভিযোগ করেন, অর্থবিত্তের মাধ্যমে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা নেওয়া হয়েছে। মন্ত্রী-এমপিরা কারাগারে গিয়ে ফুলের তোড়া দিয়ে তাঁদের স্বাগত জানিয়েছেন বলেও মন্তব্য করেন তিনি।
রাষ্ট্রপতির প্রসঙ্গ টেনে রেজাউল করিম বলেন, বর্তমান রাষ্ট্রপতি তৎকালীন বিএনপির মহাসচিব ছিলেন। তিনি তাঁর নির্বাচনি এলাকায় আওয়ামী লীগ কর্মীদের ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে মামলা তুলে নেওয়া ও শান্তিতে থাকার আশ্বাস দিয়েছিলেন বলে দাবি করেন তিনি। এখন দেশে শান্তির বার্তা আসছে, নাকি আগুন—এমন প্রশ্ন তুলে তিনি বলেন, এই আগুন শুধু কিছু মানুষের ঘর জ্বালাচ্ছে না, বরং গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।
সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমির এ আর হাফিজ উল্লাহ, নায়েবে আমির মাওলানা ফারুক হোসাইন নূরনবী ও সহকারী সেক্রেটারি অধ্যাপক আব্দুর রহমান।
এ ছাড়া বক্তব্য দেন চন্দ্রগঞ্জ উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমির অ্যাডভোকেট রেজাউল ইসলাম খান সুমন, সাবেক আমির নুর মোহাম্মদ রাসেল, মাওলানা নাজমুল ইসলাম শামীম প্রমুখ।