
নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোলে স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সভাপতি তবিবুর রহমানকে লক্ষ্য করে বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে তবিবুর রহমান ও লোকমান হোসেন নামে দুজন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১টার দিকে বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামে তবিবুর রহমানের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহত তবিবুর রহমান বেনাপোল পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক।তবিবুর রহমানের ভাষ্য, কয়েকজন মিলে সীমান্ত পাহারা দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির ফটকের সামনে তাঁদের লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে এক ব্যক্তি পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকালে বেনাপোল বন্দর হ্যান্ডলিং শ্রমিকেরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন। শ্রমিক নেতারা হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী বাবুল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেখান থেকে অবিস্ফোরিত একটি ককটেল ও বিস্ফোরিত ককটেলের কিছু অংশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।