
মামুনুর রশিদ, সিলেট:
সিলেট নগরীতে দিন দিন বাড়ছে মশার উপদ্রব। দিন-রাত মশার কামড়ে অতিষ্ঠ হয়ে পড়েছেন নগরবাসী। সিটি করপোরেশনের পক্ষ থেকে মশক নিধনে ওষুধ ছিটানো ও ফগার মেশিন ব্যবহার করা হলেও মিলছে না প্রত্যাশিত সুফল। এমন পরিস্থিতিতে মশা নিধনের দাবিতে ব্যতিক্রমী ‘মশারি মিছিল’ করেছেন স্বেচ্ছাসেবী সংগঠন সিলেট কল্যাণ সংস্থার নেতাকর্মীরা।
মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে থেকে মিছিলটি বের করা হয়। মশারি টানিয়ে সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি নগর ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, সিটি করপোরেশন নিয়মিত ওষুধ ছিটানো এবং ফগার মেশিন ব্যবহার করলেও মশার উৎপাত কমছে না। ওষুধ ছিটানোর এক ঘণ্টার মধ্যেই আবার মশার উপদ্রব শুরু হয়। ফলে মশার কামড় থেকে বাঁচতে নগরবাসীকে দিন-রাত কয়েল জ্বালিয়ে রাখতে হচ্ছে।
তাঁদের অভিযোগ, মশক নিধনে নিম্নমানের ওষুধ ব্যবহারের কারণে পরিস্থিতির কোনো উন্নতি হচ্ছে না। কার্যকর উদ্যোগের অভাবে নগরবাসীকে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সমাবেশ থেকে মশক নিধনে কার্যকর ও মানসম্মত ওষুধ প্রয়োগসহ প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সিলেট সিটি করপোরেশনকে এক মাসের সময়সীমা বেঁধে দেন বক্তারা। নির্ধারিত সময়ের মধ্যে দৃশ্যমান উন্নতি না হলে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনেরও ঘোষণা দেন তাঁরা।
মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষা করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সিটি করপোরেশন কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা।