
বাগেরহাট জেলা যুবদলের সভাপতি সুজন মোল্লাকে মোংলা উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন যুবদলের ফুলেল শুভেচ্ছা
উপজেলা প্রতিনিধি মোংলা
বাগেরহাট জেলা যুবদলের নবগঠিত কমিটির সভাপতি সুজন মোল্লাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন মোংলা উপজেলা ও সুন্দরবন ইউনিয়ন যুবদলের নেতাকর্মীরা। এ উপলক্ষে মোংলা থেকে মোটরসাইকেল শোভাযাত্রা ও গাড়িবহর নিয়ে বাগেরহাটে যান তাঁরা। সেখানে জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে যোগ দিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নেন।
জানা যায়, নবগঠিত জেলা যুবদলের সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে মোংলা উপজেলা থেকে যুবদলের নেতাকর্মীরা বাগেরহাটে পৌঁছান। এ সময় যুবদল নেতা রেজাউল হাওলাদার, মিলন খান, বশির হাওলাদার ও মোংলা উপজেলা যুবদল নেতা রবিউল হাওলাদারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাগেরহাটে পৌঁছে তাঁরা জেলা যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সঙ্গে একত্রিত হন। পরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাগেরহাট শহরের প্রধান প্রধান সড়ক, গুরুত্বপূর্ণ মোড় ও বাজার এলাকায় স্লোগান ও শোডাউন করেন নেতাকর্মীরা। এ সময় দলীয় স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের বিভিন্ন সড়ক।
কর্মসূচিতে জেলা যুবদলের নবনির্বাচিত সভাপতি সুজন মোল্লা, যুবদল নেতা খাদেম, নিয়ামুল, নাসির আলাপ, ছাত্রদল নেতা রাসেলসহ জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা জানান, নবগঠিত জেলা কমিটির নেতৃত্বকে স্বাগত জানানো এবং সাংগঠনিক ঐক্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করতেই তাঁদের এ উদ্যোগ। তাঁদের মতে, তৃণমূল থেকে জেলা পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের পারস্পরিক যোগাযোগ ও সমন্বয় বাড়লে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল হবে।
মোংলা থেকে বাগেরহাটে নেতাকর্মীদের এ অংশগ্রহণকে জেলা ও উপজেলা পর্যায়ের যুবদলের মধ্যে সাংগঠনিক যোগাযোগ ও ঐক্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট নেতাকর্মীরা। নতুন নেতৃত্বকে ঘিরে তাঁদের প্রত্যাশা, সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত হবে এবং তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ততা বাড়বে।