
মোস্তাফিজুর রহমান লিটন,রাজশাহী ব্যুরো:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচি সফল করার লক্ষ্যে রাজশাহীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) বিকেল ৫টা ২০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত নগরীর মালোপাড়াস্থ ভুবনমোহন পার্কে রাজশাহী মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
প্রস্তুতি সভায় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুনের সভাপতিত্বে মহানগর বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের প্রায় ১৪০ থেকে ১৬০ জন নেতাকর্মী অংশ নেন।
সভায় উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, সহ-সভাপতি শফিকুল ইসলাম শাফিক, সহ-সভাপতি আসলাম সরকার, রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মীর মোঃ তারেক, মহানগর শ্রমিক দলের সভাপতি রফিকুল ইসলাম পাখিসহ মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা আগামী ১ সেপ্টেম্বর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেন্দ্রীয় কর্মসূচি সফল করার বিষয়ে বিভিন্ন মতামত ও সাংগঠনিক প্রস্তুতির কথা তুলে ধরেন। একই সঙ্গে মহানগর বিএনপির আওতাধীন সব ইউনিটের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানানো হয়|
সভায় জানানো হয়, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আগামী ১ সেপ্টেম্বর সকাল ৭টায় নগরীর মালোপাড়াস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একই দিন বিকেল ৪টায় নগরীর বাটার মোড় থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হবে। র্যালিটি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলুপট্টি মোড়ে গিয়ে শেষ হবে।
প্রস্তুতি সভায় সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়। সভায় রাজপাড়া থানা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টি উঠে আসে। এ পরিপ্রেক্ষিতে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দের সম্মতিক্রমে প্রস্তুতি সভায় রাজপাড়া থানা বিএনপি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে বলে সভাসূত্রে জানা গেছে।
নেতৃবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সফল করতে মহানগর বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণের আহ্বান জানান।