
বন্যার পানিতে গোসল, প্রাণ গেল ৫ কিশোরীর
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে একই গ্রামের পাঁচ কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে চর চাকলা মরা নদীর ধারে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
নিহতরা হলো—চর চাকলা গ্রামের মাসুদ আলীর দুই মেয়ে সুমাইয়া (১১) ও আদিবা (৯), নেজাম উদ্দিনের দুই মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৮) এবং শরিফুল ইসলামের মেয়ে শরিফা খাতুন (১১)। তারা সবাই একই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের সময় গ্রামের অধিকাংশ পুরুষ মসজিদে এবং নারীরা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পাঁচ কিশোরী বাড়ির পাশে একসঙ্গে খেলছিল। একপর্যায়ে তারা পরিবারের কাউকে না জানিয়ে দলবেঁধে চর চাকলা মরা নদীর ধারে বন্যার পানিতে গোসল করতে যায়।
স্থানীয় বাসিন্দা কবিরুল ইসলাম জানান, পাঁচ কিশোরী একসঙ্গে পানিতে নামার কিছুক্ষণের মধ্যেই তারা পানিতে ডুবে যায়। তাদের কেউ সাঁতার জানত না বলে ধারণা করা হচ্ছে। পরে বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে উদ্ধারের চেষ্টা করেন।
স্থানীয়রা একে একে পাঁচ কিশোরীকেই পানির নিচ থেকে উদ্ধার করেন। পরে তাদের দ্রুত উদ্ধারের চেষ্টা করা হলেও কাউকেই বাঁচানো সম্ভব হয়নি। একই গ্রামের পাঁচ কিশোরীর একসঙ্গে পানিতে ডুবে মৃত্যুর ঘটনায় চর চাকলা এলাকায় হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
এদিকে স্থানীয়রা জানান, বন্যার পানি বৃদ্ধি পাওয়ায় নদী-খাল ও আশপাশের জলাশয়গুলোতে ঝুঁকি বেড়েছে। শিশু-কিশোরদের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিভাবকদের আরও সতর্ক থাকা প্রয়োজন। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ পানিতে শিশুদের গোসল ও চলাচল বন্ধে স্থানীয়ভাবে সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছেন তারা।