নয়া কণ্ঠ অনলাইন ডেস্ক
থ্যালাসেমিয়ামুক্ত বাংলাদেশ গড়তে হলে বিয়ের আগে রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজকর্মীরা।
বুধবার (১৪ জুন) বিকেলে রাজধানীর কাকরাইলে আইডিইবি ভবনে থ্যালাসেমিয়া রোগী ও স্বেচ্ছায় রক্তদাতার এক মিলনমেলায় এ আহ্বান জানানো হয়। এ মিলনমেলার আয়োজন করে কোয়ান্টাম ফাউন্ডেশন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, থ্যালাসেমিয়া রোধ করতে রক্ত পরীক্ষা বাধ্যতা মুলক এর কোন বিকল্প নেই। বিশেষ করে বিয়ে রেজিস্ট্রেশনের সময় অথবা বিয়ের বন্ধনে আবদ্ধ হওয়ার দিন ক্ষণ ঠিক হলে সেই মূহুর্তে রক্ত পরীক্ষার সনদ বাধ্যতামূলক করতে পারলে দেশকে থ্যালাসেমিয়ামুক্ত করার ক্ষেত্রে ৮০-৯০ ভাগ সফলতা আসবে বলে মত দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও বিএসএমএমইউ’র মেডিসিন বিভাগের ইমেরিটাস অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ। তিনি বলেন, থ্যালাসেমিয়া রোধে বিয়ের আগ মূহুর্তে রক্ত পরীক্ষা নিশ্চিত করার বিষয়টি গুরুত্বসহকারে প্রধানমন্ত্রীর কাছে কাছে তুলে ধরবেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতালের উপদেষ্টা সৈয়দ দীদার বখত। তিনি বিশ্বের বিভিন্ন দেশের উদাহরণ টেনে এনে বলেন, বিয়ের আগে রক্ত পরীক্ষার মাধ্যমে বিশ্বের উন্নত দেশ গুলো তারা আজ থ্যালাসেমিয়াকে শূন্যের কোঠায় নিয়ে এসেছে। অদূর ভবিষ্যতে এই পন্থা অবলম্বন করতে পারলে বাংলাদেশও একদিন থ্যালাসেমিয়ামুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।