
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিবেদক,সাকিব হাসান নাইম:
অন্যায় ও অপকর্মের মাধ্যমে সাধারণ মানুষকে দুর্ভোগে ফেলে আবার গণমাধ্যমে নিজেদের কৃতিত্ব জাহির করার চেষ্টা করছে একটি নিষিদ্ধ দল—এমন মন্তব্য করেছেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, সাম্প্রতিক কয়েক দিনের কর্মকাণ্ডে দলটির মানসিকতা ও চারিত্রিক বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না।
শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম, সরকারি বিভিন্ন কর্মসূচি এবং সার্বিক পরিস্থিতি নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তিনি।
এর আগে উপজেলার ২ হাজার ৫০০ কৃষকের মধ্যে সরিষার বীজ এবং ডিএপি ও এমওপি সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন সমাজকল্যাণমন্ত্রী।
বক্তব্যে জাহিদ হোসেন বলেন, এ দেশের মানুষের ওপর বিভিন্ন সময়ে নানা ধরনের শাসনব্যবস্থা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে। একদলীয় শাসন প্রতিষ্ঠার পাশাপাশি ২০৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার স্বপ্নে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ধ্বংস করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কাচের ঘরের মতো সেই ব্যবস্থা ভেঙে পড়েছে এবং তাদের ক্ষমতা ছেড়ে পালিয়ে যেতে হয়েছে।
তিনি বলেন, সাধারণ মানুষকে কষ্ট ও দুর্ভোগে ফেলে কখনো তাদের আস্থা অর্জন করা যায় না। অতীতেও এ ধরনের চেষ্টা সফল হয়নি, ভবিষ্যতেও হবে না। দেশের শান্তিপ্রিয় মানুষ ঐক্যবদ্ধ হলে অন্যায় ও অপকর্মের বিরুদ্ধে কীভাবে প্রতিরোধ গড়ে তুলতে হয়, তা তারা ভালোভাবেই জানে।
সরকারের সহনশীলতাকে দুর্বলতা মনে না করার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত সরকার। এটি রাতের ভোট কিংবা বিনা ভোটের সরকার নয়। জনগণ এই সরকারের সঙ্গে রয়েছে। জনগণকে সঙ্গে নিয়েই দেশের বর্তমান অস্বস্তিকর পরিস্থিতি মোকাবিলার সক্ষমতা সরকারের রয়েছে।
তিনি আরও বলেন, অন্যায়, অবিচার ও দেশবিধ্বংসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সব রাজনৈতিক দলের নেতাদের ঐক্যবদ্ধ হতে হবে। যারা এসব অপকর্মের সঙ্গে জড়িত, তাদের প্রতিহত করতে দল-মত নির্বিশেষে সবাইকে একযোগে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট-হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার কে এম ইনাম আহমেদ, বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার হারেজ উদ্দিনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
এ ছাড়া উপজেলা বিএনপির সভাপতি শামীম হোসেন চৌধুরী, পৌর বিএনপির সভাপতি আব্দুস সাত্তার মিলন এবং উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।