
সজীব খান,চাঁদপুর প্রতিনিধিঃ
চাঁদপুরের মতলব উত্তরে আবারও বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে কার্যালয়ের দরজা, মেঝের কিছু অংশ এবং বাইরে থাকা ব্যানারের একাংশ পুড়ে গেছে। এর আগে ফতেপুর পূর্ব ইউনিয়নের একটি ওয়ার্ড কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ষাটনল ইউনিয়নের পশ্চিম লালপুর গ্রামের বেড়িবাঁধের ওপর অবস্থিত ৬ নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার গভীর রাতে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন দেয়। এতে কার্যালয়ের বিভিন্ন অংশ পুড়ে যায়। তবে আগুনের সূত্রপাত ও ঘটনার সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ষাটনল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন বলেন, এটি একটি ন্যক্কারজনক ঘটনা। গভীর রাতে দুর্বৃত্তরা দলীয় কার্যালয়ে আগুন লাগানোর চেষ্টা করেছে। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি যারা এ ঘটনা ঘটিয়েছে, তাদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।
উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় কৃষক দলের সদস্য অ্যাডভোকেট মফিজুল ইসলাম বলেন, শান্ত মতলবকে অশান্ত করার চেষ্টা করা হলে এর পরিণতি ভয়াবহ হবে। ৫ আগস্টের পর আওয়ামী লীগের অনেক নেতাকর্মী পালিয়ে গেলেও পলাতক নয়, এমন কিছু নেতাকর্মী আবারও মাথাচাড়া দিয়ে উঠছে বলে আমরা মনে করি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।