
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরো:
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রাজশাহী আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও স্বাগত জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক এবং রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে রাজশাহীর শাহ মখদুম বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন। এ সময় রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
দলীয় সূত্রে জানা গেছে, রাজশাহী সফরকালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।
এ ছাড়া বিকেল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আরেকটি আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে তাঁর।
‘৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত ওই আলোচনা সভার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য’। এতে বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশ নেবেন বলে জানা গেছে।
অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর রাজশাহী সফরকে কেন্দ্র করে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে কর্মসূচি ঘিরে প্রস্তুতি ও উপস্থিতি লক্ষ্য করা গেছে।