
সিলেট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাটের রাতারগুলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গোপন সভার ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এজাহারভুক্ত আসামি আবুল হাসনাতকে (৫২) আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৯)। আটক আবুল হাসনাত সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতগাঁও গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে। তিনি গোয়াইনঘাট থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১৫ নম্বর এজাহারনামীয় আসামি।
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা আনুমানিক ৬টা ২০ মিনিটে সিলেট নগরের কোতোয়ালি থানাধীন স্টেডিয়াম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এসআরবি-৯ প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ৮ নভেম্বর রাত ৮টার দিকে রাতারগুলের সোহেল স্কয়ার রিসোর্টের পেছনে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে অস্থিতিশীলতা সৃষ্টি, সরকারি কার্যক্রম ব্যাহত এবং বিভিন্ন সড়ক, গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা ও অফিসে অগ্নিসংযোগ-ভাঙচুরসহ নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনার অভিযোগ রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই সংবাদের ভিত্তিতে ১১ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে ফরহাদ আহমদ ও রাজু ইসলামকে আটক করা হয়। পরে তাদের দেখানো মতে সোহেল স্কয়ার রিসোর্টের ভেতর থেকে শেখ হাসিনা ও শেখ মুজিবুর রহমানের ছবি সংবলিত একটি ব্যানার, বিভিন্ন ব্র্যান্ডের সাতটি খালি মদের বোতল, এয়ারগানের গুলিসদৃশ ৪০টি ধাতব বস্তু এবং একটি মিনি স্কুবা ডাইভিং অক্সিজেন ট্যাংক সেট উদ্ধার করা হয়।
পরবর্তী সময়ে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আনুমানিক ৪টা ৫০ মিনিটে ফারুক আহমদ ও আলী হোসেনকে নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা গত ৮ নভেম্বর রাতে ওই স্থানে প্রায় ২০০ জনের সমবেত হওয়ার এবং জননিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থাপনার ক্ষতিসাধনসহ নাশকতামূলক কর্মকা-ের পরিকল্পনায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এ ঘটনায় গোয়াইনঘাট থানায় ২০ জনের নাম উল্লেখসহ ২০০ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়। মামলায় সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকার ওই সভায় বক্তব্য দিয়েছিলেন বলে উল্লেখ করা হয়েছে, তবে তিনি এখনও পলাতক।
মামলার পর আসামিদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে এসআরবি-৯। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় স্টেডিয়াম মার্কেট এলাকায় অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত ১৫ নম্বর আসামি আবুল হাসনাতকে আটক করে।
এসআরবি-৯ এর মিডিয়া অফিসার কেএম শহিদুল ইসলাম জানান, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফ্রতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।