1. [email protected] : dailynayakontho :
  2. [email protected] : nayakantho3941 :
  3. [email protected] : nayakontho :
  4. [email protected] : nayakontho@394144 nayakontho@394144 : nayakontho@394144 nayakontho@394144
  5. [email protected] : unikbd :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনামঃ
বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী দেবীগঞ্জে আগুনে পুড়ল বসতঘরের শয়নকক্ষ, দেড় লাখ টাকার ক্ষতি কুবি শিক্ষার্থীকে ধর্ষণ ও মা-মেয়েকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড কুমিল্লায় নকল ওটস ও অনুমোদনহীন শিশুখাদ্য বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা চট্টগ্রামের পতেঙ্গায় আওটার রিং রোডের ফ্লাইওভারের কাজ শেষের দিকে নিরাপদ পোল্ট্রি খাদ্যই নিরাপদ প্রোটিনের ভিত্তি -পবিপ্রবি ভিসি প্রফেসর ড. হেমায়েত জাহান রাণীনগরে ত্রুটিপূর্ণ বিদ্যুৎ লাইন সচল করতে জীবন প্রদীপ নিভে গেল লাইনম্যান রতনের রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মাদক ও পণ্য জব্দ সাবেক কৃষিবিদ পরিবার জটিল রোগে আক্রান্ত মা – ছেলে, নেই মাথা গোঁজার ঠাঁই দুমকিতে পৃথক অভিযানে গাঁজাসহ ৫ যুবককে আটক করেছে পুলিশ

বোদায় পশুর হাটের দখলে কলেজের প্রবেশপথ, ভোগান্তিতে শত শত নারী শিক্ষার্থী

  • প্রকাশিতঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ২ বার পঠিত

 

সঞ্জু বনিক সৌরভ,জেলা প্রতিনিধি, পঞ্চগড়:

 

শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে পশুর হাটের জনসমাগম। কোথাও পশুবাহী যানবাহনের দীর্ঘ সারি, কোথাও ক্রেতা-বিক্রেতার ভিড়, আবার কোথাও সড়কজুড়ে পশুর বর্জ্য। এমন পরিস্থিতিতে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্য দিয়ে কলেজে যাতায়াত করতে হচ্ছে পঞ্চগড়ের বোদা মহিলা মহাবিদ্যালয়ের শত শত ছাত্রীকে। সপ্তাহে দুই দিন বসা নগর কুমারী পশুর হাটের কারণে কলেজের প্রধান সড়ক কার্যত জনাকীর্ণ হয়ে পড়ে। দীর্ঘদিনের এ সমস্যার সমাধান না হওয়ায় শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ বাড়ছে।

 

বোদা পৌরসভাধীন ঐতিহ্যবাহী নগর কুমারী পশুর হাট এবং উত্তরবঙ্গের অন্যতম নারী শিক্ষাপ্রতিষ্ঠান বোদা মহিলা মহাবিদ্যালয় একই সড়কে অবস্থিত। প্রতি সপ্তাহের শনিবার ও বুধবার হাট বসায় ওই দুই দিন কলেজের স্বাভাবিক যাতায়াত ব্যবস্থা ব্যাহত হয়। বিশেষ করে ক্লাসে আসা-যাওয়ার সময় শিক্ষার্থীদের পড়তে হয় সবচেয়ে বেশি বিড়ম্বনায়।

 

জেলার অন্যতম বৃহৎ এ পশুর হাটে পঞ্চগড়সহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার গরু-ছাগল নিয়ে আসেন ব্যবসায়ীরা। সকাল থেকে শুরু হয় কেনাবেচা। পশুবাহী ট্রাক, নসিমন-করিমন এবং ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে কলেজের প্রধান ফটকসংলগ্ন সড়কে সৃষ্টি হয় তীব্র চাপ। অনেক সময় যানবাহন ও পশুর চলাচলের কারণে শিক্ষার্থীদের স্বাভাবিকভাবে রাস্তা পার হওয়াও কঠিন হয়ে পড়ে। ফলে সময়মতো কলেজে পৌঁছানো নিয়েও ভোগান্তিতে পড়তে হয় তাঁদের।

 

এ পরিস্থিতিতে সবচেয়ে বেশি বিপাকে পড়ছেন নারী শিক্ষার্থীরা। মহাবিদ্যালয়ের শিক্ষার্থী সিনথিয়া, সোনিয়া, কেমি ও রঞ্জিনা জানান, হাটের দিনগুলোতে কলেজে যাতায়াত করা অত্যন্ত কষ্টকর হয়ে ওঠে। বিশেষ করে বুধবারের হাটে ভিড় বেশি থাকায় নানা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। সড়কে ছড়িয়ে থাকা পশুর বর্জ্য ও মলমূত্র মাড়িয়ে চলাচল করতে হয়। মানুষের ধাক্কাধাক্কি এবং পশুর অবাধ চলাচলেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। তাঁরা এ সমস্যার স্থায়ী সমাধান চান।

 

হাটের ব্যবসায়ী ছালাম, বশির ও সোমে আলী জানান, হাটের দিন অতিরিক্ত মানুষের সমাগম ও যানবাহনের চাপে পশু নিয়ন্ত্রণ করাও কঠিন হয়ে পড়ে। এতে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাঁদের মতে, হাট পরিচালনার পাশাপাশি কলেজে যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়ে পৌরসভা ও কলেজ কর্তৃপক্ষের সমন্বয়ে কার্যকর বিকল্প ব্যবস্থা করা প্রয়োজন।

 

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে কয়েক বছর আগে একটি বিকল্প সড়ক তৈরি করা হয়েছিল। কিন্তু দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণ না করায় সড়কটি এখন প্রায় পরিত্যক্ত অবস্থায় রয়েছে। বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি ও কাদা। ফলে বিকল্প সড়কটি থাকা সত্ত্বেও তা শিক্ষার্থীদের কোনো কাজে আসছে না। বাধ্য হয়ে মূল সড়কের হাটের ভিড়ের মধ্য দিয়েই তাঁদের চলাচল করতে হচ্ছে।

 

এ বিষয়ে বোদা মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আশরাফুল আলম লিটন বলেন, মহাবিদ্যালয়ের নিজস্ব কোনো পকেট রাস্তা না থাকায় হাটের দিন শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হয়। হাটের কোলাহলে শিক্ষার পরিবেশও বিঘ্নিত হচ্ছে। আগে তৈরি করা বিকল্প সড়কটি দ্রুত সংস্কার করা হলে এ সমস্যা অনেকটাই কমে আসবে। নারী শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে পৌরসভা ও স্থানীয় প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তিনি।

 

স্থানীয় সচেতন মহলের মতে, একটি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে নিয়মিত এমন জনসমাগম ও যানজট তৈরি হওয়া শিক্ষার স্বাভাবিক পরিবেশের জন্যও উদ্বেগজনক। পশুর হাটের ব্যবসায়িক গুরুত্ব অস্বীকার করার সুযোগ নেই। তবে একই সড়কে শিক্ষার্থীদের নিরাপদ চলাচল নিশ্চিত করাও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব। হাটের দিন যানবাহন ও পশু চলাচল নিয়ন্ত্রণ, সড়কের শৃঙ্খলা বজায় রাখা এবং বিকল্প পথ সচল করার মতো উদ্যোগ নেওয়া জরুরি।

 

এখন ভুক্তভোগীদের প্রত্যাশা, বিষয়টি আর দীর্ঘদিন অবহেলিত না রেখে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। বিকল্প সড়কটি সংস্কার অথবা নতুন একটি টেকসই সড়ক নির্মাণের পাশাপাশি হাটের দিন কলেজের প্রবেশপথ ও সংলগ্ন এলাকায় চলাচল নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হলে শিক্ষার্থীদের দুর্ভোগ অনেকটাই কমতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের উদ্যোগের দিকেই এখন তাকিয়ে রয়েছেন বোদা মহিলা মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।

শেয়ারঃ

এই জাতীয় অন্যান্য সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত । এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Developed By UNIK BD