
শাহীন আলম ফরিদপুর জেলা প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের তিন আরোহীর মৃত্যু হয়েছে। নিহত তিনজনই পরস্পরের বন্ধু ছিলেন। নিহতরা হলেন—চয়ন (২৩), নয়ন (২০) ও সিয়াম ওরফে সজীব (২২)।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা পৌরসভার নওপাড়া এলাকায় ভাঙ্গা-ফরিদপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের বরাতে জানা যায়, চয়ন, নয়ন ও সিয়াম ওরফে সজীব একই মোটরসাইকেলে করে ওই সড়ক দিয়ে যাচ্ছিলেন। এ সময় অজ্ঞাতনামা একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই চয়নের মৃত্যু হয়।
দুর্ঘটনায় গুরুতর আহত নয়ন ও সিয়ামকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাদেরও মৃত্যু হয়।
এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা তিন বন্ধুই প্রাণ হারালেন। নিহত নয়ন ও সিয়াম ওরফে সজীব ফরিদপুরের নগরকান্দা উপজেলার হাসনহাটি গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।
দুর্ঘটনার পর বাসটি শনাক্তের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।