
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় রেনেটা ফার্মা লিমিটেডের এক বিক্রয় প্রতিনিধিকে (মেডিকেল রিপ্রেজেন্টেটিভ) ছুরিকাঘাত করে প্রায় ৩ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে একদল সশস্ত্র দুর্বৃত্ত। হামলার পর ওই কর্মীর হাত-পা বেঁধে রাস্তার পাশের ঝোপে ফেলে রেখে পালিয়ে যায় তারা। গুরুতর আহত ওই কর্মীর নাম নাহিদ।
শনিবার (২৯ আগস্ট) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটের দিকে উপজেলার মেছাঘোনা এলাকায় ব্র্যাক অফিসের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, রাতে দাপ্তরিক কাজ শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন রেনেটা ফার্মা লিমিটেডের বিক্রয় প্রতিনিধি নাহিদ। তিনি মেছাঘোনা ব্র্যাক অফিসের সামনে পৌঁছালে একদল দুর্বৃত্ত তার মোটরসাইকেলের গতিরোধ করে। কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে নাহিদের ওপর অতর্কিত হামলা চালায়। এ সময় তাকে কুপিয়ে ও ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করা হয়।
পরে দুর্বৃত্তরা তার কাছে থাকা ওষুধ বিক্রির আনুমানিক ৩ লাখ টাকা ছিনিয়ে নেয়। ছিনতাই শেষে নাহিদের হাত-পা শক্ত করে বেঁধে রাস্তার পাশের একটি নির্জন ঝোপের মধ্যে ফেলে রেখে পালিয়ে যায়।
এদিকে চুকনগর থেকে ডুমুরিয়ার দিকে ফেরার পথে স্থানীয় স্বর্ণকার ও কবি তুষার দত্ত ব্র্যাক অফিসের সামনে রাস্তার পাশে একটি মোটরসাইকেল পড়ে থাকতে দেখেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি মোটরসাইকেলটির কাছে গিয়ে আশপাশে খোঁজ করেন। একপর্যায়ে ঝোপের মধ্যে হেলমেট পরা ও হাত-পা বাঁধা অবস্থায় এক ব্যক্তিকে দেখতে পান। ওই ব্যক্তি সাহায্যের জন্য আকুতি জানালে তিনি দ্রুত আশপাশের কয়েকজন পথচারীকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে যান।
পরে নাহিদের হাত-পায়ের বাঁধন খুলে তাকে উদ্ধার করা হয়। এ সময় নাহিদ তার ওপর হামলা ও ছিনতাইয়ের বিস্তারিত ঘটনা স্থানীয়দের জানান। তুষার দত্ত তাৎক্ষণিকভাবে ডুমুরিয়া থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয়দের সহায়তায় রক্তাক্ত নাহিদকে উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থা কিছুটা স্থিতিশীল রয়েছে বলে জানা গেছে।
ঘটনার খবর পেয়ে ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার হাফিজুর রহমান দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম ইতোমধ্যে অভিযান শুরু করেছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।