
অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মাঝে উন্নতমানের বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।
বুধবার হাসপাতাল কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় সকল ওয়ার্ডের সমবেত রোগীদের জন্য মধ্যাহ্নভোজে এই বিশেষ আপ্যায়নের আয়োজন করা হয়। খাবার তালিকায় ছিল সুস্বাদু পোলাও, খাসির মাংস, ডিমের কারি এবং মিষ্টি।হাসপাতাল প্রশাসন সূত্রে জানা যায়, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও আনন্দঘন পরিবেশ বজায় রেখে প্রতি বছরের মতো এবারও রোগীদের মুখে হাসি ফোটাতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। উৎসবের দিনে হাসপাতালে থাকা অসুস্থ মানুষগুলোর মাঝে কিছুটা স্বস্তি ও আনন্দ ছড়িয়ে দিতেই এই উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
বিশেষ খাবার বিতরণের সময় হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক ও প্রশাসনিক কর্মচারীরা উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।
হাসপাতালের এমন মানবিক উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন চিকিৎসাধীন রোগী ও তাদের স্বজনরা।