
নজরুল ইসলাম (লামা, বান্দরবান) প্রতিনিধিঃ
বান্দরবানের লামা পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চাম্পাতলী এলাকায় পাহাড় ধসের কারণে চাম্পাতলী স-মিল থেকে টি.টি. অ্যান্ড ডি.সি. খেলার মাঠ পর্যন্ত গুরুত্বপূর্ণ আরসিসি সড়কটি গত ১০ দিন ধরে পুরোপুরি বন্ধ রয়েছে। এতে শিক্ষার্থী, সাধারণ মানুষ, চাকরিজীবী ও সব ধরনের যানবাহনের চলাচল বন্ধ হয়ে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
সরেজমিনে দেখা যায়, পাহাড়ের ঢাল থেকে বিপুল পরিমাণ মাটি, গাছের গুঁড়ি ও ধ্বংসাবশেষ সড়কের ওপর নেমে এসেছে। এতে সড়কটির একটি বড় অংশ মাটিচাপা পড়ে যান চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে গেছে। দীর্ঘ ১০ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ধস অপসারণ কিংবা সড়কটি সচল করার কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দারা জানান, এটি এলাকার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ সড়ক। সড়কটি বন্ধ থাকায় শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে, যা সময়সাপেক্ষ ও ঝুঁকিপূর্ণ। জরুরি প্রয়োজনে রোগী পরিবহনেও চরম ভোগান্তির সৃষ্টি হয়েছে। দ্রুত ধস অপসারণ করে সড়কটি সচল করার জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে লামা পৌরসভার সহকারী প্রকৌশলী রুই প্রু অং মার্মার সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি এখনো পৌর কর্তৃপক্ষের নজরে আসেনি। বিষয়টি অবহিত করার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। আশা করছি, খুব শিগগিরই সমস্যার সমাধান করা হবে।”
এলাকাবাসীর প্রত্যাশা, বর্ষা মৌসুমে জনদুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত পাহাড় ধসের মাটি অপসারণ করে সড়কটি যান চলাচলের উপযোগী করবে।