
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
রাজশাহী মহানগরীর মতিহার থানার মৌলভী বুধপাড়া এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় থাকা ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫।
রোববার (৮ জুন) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৫-এর একটি আভিযানিক দল এলাকায় অভিযান পরিচালনা করে। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব-৫-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্বৃত্তদের মধ্যে গোলাগুলি ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনার পর জড়িত ব্যক্তিরা দ্রুত এলাকা ত্যাগ করে পালিয়ে যায়।
সংবাদ পেয়ে র্যাবের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ব্যাপক তল্লাশি অভিযান চালান। এ সময় ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে আইনানুগ প্রক্রিয়ায় গুলিগুলো জব্দ করা হয়।
র্যাব জানিয়েছে, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উদ্ধার হওয়া আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।