
জেলা প্রতিনিধি, ভোলাঃ
ভোলা জেলার দৌলতখান উপজেলায় সময় টিভির সাংবাদিক নাছির উদ্দিন লিটন এবং ক্যামেরাম্যান উৎপল দেবনাথের ওপর ন্যাক্কারজনক সন্ত্রাসী হামলার ঘটনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মাহমুদুল হাসান এবং সাধারণ সম্পাদক মোঃ হাবিবুল্লাহ বাহারি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
নেতাকর্মীরা যৌথ বিবৃতিতে বলেন, সাংবাদিকদের ওপর হামলা মানে সত্য ও ন্যায়ের কণ্ঠরোধ করার ঘৃণ্য চেষ্টা। হামলার নেতৃত্বদানকারী কাজী রাসেল অতীতেও দুর্নীতি ও অপরাধের সঙ্গে জড়িত বলে জানা যায়। তার বিরুদ্ধে সরকারি ভিজিএফ চাল আত্মসাৎ ও পাচার এবং চোরাই তেল ব্যবসার মতো গুরুতর অভিযোগ রয়েছে। এ ধরনের অপরাধীরা বছরের পর বছর প্রভাব বিস্তার করে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এ ছাড়াও শোনা যাচ্ছে এই অপরাধী বিএনপির সাথেও সংশ্লিষ্ট। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, সন্ত্রাসীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না। যদি সত্যিই কেউ বিএনপির কোনো পদে থেকে এ ধরনের অপকর্মে জড়িত থাকে, তাহলে অবশ্যই বিএনপি দলগতভাবে এ ব্যাপারে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করবে বলে আমরা প্রত্যাশা করি।
তারা আরও বলেন, আজ যদি সাংবাদিকদের ওপর এমন হামলা হয়, তাহলে আগামীকাল সাধারণ মানুষও নিরাপদ থাকবে না বলে দাবি করেন ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার নেতাকর্মীরা। রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব হলো অপরাধী এবং তাদের গডফাদারদের খুঁজে বের করে তাদের আসল ক্ষমতার উৎস ভেঙে দেওয়া। আইনের শাসন প্রতিষ্ঠিত না হলে দুর্নীতি ও সন্ত্রাস কোনোদিনই বন্ধ হবে না। বলে মনে করে এই দলটির দায়িত্বশীল নেতাকর্মীরা।
ইসলামি আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার নেতাকর্মীরা দাবি জানান, ঘটনা যদি সত্য হয়, তবে হামলাকারী কাজী রাসেল’সহ সংশ্লিষ্ট সব সন্ত্রাসীকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অন্যথায় সমাজে অপরাধীদের সাহস আরও বেড়ে যাবে, যা সাংবাদিকতা ও গণতন্ত্রের জন্য ভয়াবহ হুমকি হয়ে দাঁড়াবে।