
রাজশাহী নগর উন্নয়ন ও স্মার্ট সিটি গঠনে একসঙ্গে কাজ করবে রাসিক–রুয়েট
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী মহানগরীর টেকসই উন্নয়ন, আধুনিক নগর ব্যবস্থাপনা, শিক্ষা-গবেষণার প্রসার এবং স্মার্ট সিটি গড়ে তুলতে পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে নগর ভবনে রাসিক প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে উভয় প্রতিষ্ঠানের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে রাজশাহী মহানগরীর পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, আধুনিক প্রযুক্তিনির্ভর নগর ব্যবস্থাপনা, পরিবেশ সংরক্ষণ, জলাবদ্ধতা নিরসন, সবুজ নগরায়ণ, শিক্ষা ও গবেষণার উন্নয়ন, উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়ন এবং স্মার্ট সিটি গঠনে রুয়েটের কারিগরি ও গবেষণাভিত্তিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করা হয়।
এ সময় নগর উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে রাসিক ও রুয়েটের মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সাক্ষাৎ শেষে উভয় পক্ষ রাজশাহীর সার্বিক উন্নয়ন, পরিবেশবান্ধব নগর গঠন, প্রযুক্তিনির্ভর সেবার সম্প্রসারণ এবং নাগরিক সুবিধা বৃদ্ধি করতে ভবিষ্যতে আরও নিবিড়ভাবে একযোগে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন। এ ধরনের পারস্পরিক সহযোগিতা রাজশাহীকে একটি আধুনিক, পরিকল্পিত ও স্মার্ট নগরী হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।