
রাজশাহীতে সিপিবির বিক্ষোভ সমাবেশ, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘বৈষম্যমূলক চুক্তি’ বাস্তবায়ন না করার আহ্বান
রাজশাহী ব্যুরো
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) রাজশাহী জেলা কমিটির উদ্যোগে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে উদযাপনের প্রতিবাদ এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে কথিত ‘বৈষম্যমূলক চুক্তি’ বাস্তবায়ন না করার দাবিতে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ জুলাই) বিকেল ৫টা ৩৫ মিনিট থেকে সন্ধ্যা ৬টা ১৫ মিনিট পর্যন্ত রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ‘দুনিয়ার মজদুর এক হও’ প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত সমাবেশে সিপিবির নেতাকর্মীরা অংশ নেন।
সমাবেশে উপস্থিত ছিলেন সিপিবি রাজশাহী জেলা কমিটির সভাপতি মো. জুলফিকার আহমেদ গোলাপ, সহ-সাধারণ সম্পাদক রতন ভট্টাচার্য, সিপিবি রাজশাহী মহানগর কমিটির সভাপতি মো. আইয়ুব হোসেন কাইয়ুম, সাধারণ সম্পাদক অসীম সরকার লিটন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার কোষাধ্যক্ষ মো. কাওসার আহমেদ, সিপিবি রাজশাহী জেলা কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য ও সাবেক সভাপতি হুমায়ুন রেজা জেনু, জেলা কমিটির সদস্য আবু তালেব এবং সদস্য ও উদীচী রাজশাহী মহানগরের পাঠ্যচক্র বিষয়ক সম্পাদক মোছা. সেলিনা বানুসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবস উদযাপনের সমালোচনা করে এর নিন্দা জানান। তারা অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র অতীতে বাংলাদেশের মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ঐতিহাসিক ঘটনায় নেতিবাচক ভূমিকা পালন করেছে। পাশাপাশি তারা দাবি করেন, ৯ ফেব্রুয়ারি ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি ‘স্বাধীনতাবিরোধী ও বৈষম্যমূলক’ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা বাস্তবায়িত হলে দেশের সার্বভৌমত্ব, শিল্প, কৃষি, সংস্কৃতি ও অর্থনীতির ওপর বিরূপ প্রভাব পড়বে।
বক্তারা বলেন, এ ধরনের চুক্তি বাস্তবায়নের যেকোনো উদ্যোগ জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে। একই সঙ্গে তারা বর্তমান সরকারের প্রতি আহ্বান জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত বলে দাবি করা ওই চুক্তি যেন কোনো অবস্থাতেই বাস্তবায়ন করা না হয়।
বিক্ষোভ সমাবেশ শেষে শান্তিপূর্ণভাবে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।