
চন্দনাইশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫
জাহেদ হোসেন খান,বিশেষ প্রতিনিধি,চট্টগ্রাম
চট্টগ্রামের চন্দনাইশে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) রাত ৭টা থেকে সোমবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম, বিপিএমের দিকনির্দেশনায় এবং চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলায় একজন গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রয়েছেন। বাকি চারজন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় ভ্রাম্যমাণ আদালতের দেওয়া বিভিন্ন মেয়াদের কারাদণ্ডপ্রাপ্ত আসামি।
গ্রেপ্তারকৃতরা হলেন—উত্তর হাশিমপুর সৈয়দাবাদ এলাকার কেএস মোস্তফা নাইম উদ্দিন সবুজ (২৬), পশ্চিম জামিজুরী এলাকার মোহাম্মদ খোরশেদ আলম, বরকল এলাকার মো. ওয়াসিম মিয়া, দোহাজারী এলাকার অনাদী কান্তি নাথ এবং গাছবাড়ীয়া তালুকদারপাড়া এলাকার কাজী মো. আবিদুর রহমান (২৩)।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তার পাঁচজনের মধ্যে খোরশেদ আলমকে ১০ দিন, ওয়াসিম মিয়াকে ৩০ দিন, অনাদী কান্তি নাথকে ৩০ দিন এবং কাজী মো. আবিদুর রহমানকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন ভ্রাম্যমাণ আদালত। পাশাপাশি তাদের প্রত্যেককে অর্থদণ্ডও দেওয়া হয়েছিল।
অভিযান শেষে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।