
সরকার শাহাদত হোসেন:
গাইবান্ধায় রেললাইন যেন অনেক স্থানে পরিণত হয়েছে মৃত্যুফাঁদে। সান্তাহার-লালমনিরহাট রেলপথের জেলার অংশে থাকা ৮০টি রেলক্রসিংয়ের মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। অধিকাংশ ক্রসিংয়ে নেই গেট, নেই গেটম্যান, নেই পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এসব পথ দিয়ে চলাচল করছেন হাজারো মানুষ ও যানবাহন। এরই মধ্যে গত এক বছরে জেলায় ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন ২২ জন। অথচ অরক্ষিত ক্রসিংয়ের নিরাপত্তা নিশ্চিত করার পরিবর্তে সতর্কতামূলক সাইনবোর্ড টানিয়েই দায়িত্ব শেষ করছে রেল কর্তৃপক্ষ। ফলে প্রশ্ন উঠেছে—আর কত প্রাণ গেলে নিরাপদ হবে গাইবান্ধার রেলপথ?
খোঁজ নিয়ে জানা গেছে, সান্তাহার-লালমনিরহাট রেলপথের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শালমারা থেকে সুন্দরগঞ্জ উপজেলার হাসানগঞ্জ পর্যন্ত বিভিন্ন এলাকায় মোট ৮০টি রেলক্রসিং রয়েছে। এর মধ্যে ৫০টিই ঝুঁকিপূর্ণ। জেলার সীমানায় এ রেলপথে রয়েছে ১১টি স্টেশন। সেগুলো হলো—শালমারা, মহিমাগঞ্জ, বোনারপাড়া, বাদিয়াখালী, ত্রিমোহিনী, গাইবান্ধা, কুপতলা, কামারপাড়া, নলডাঙ্গা, বামনডাঙ্গা ও হাসানগঞ্জ।
এসব স্টেশনের আশপাশে রেললাইন পারাপারের প্রায় ৪০টি স্থানে নেই কোনো গেটম্যান। অথচ এ পথে নিয়মিত চলাচল করে লোকাল ও আন্তঃনগর মিলিয়ে আটটি ট্রেন। ফলে প্রতিদিন শিক্ষার্থী, পথচারী, কৃষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং নানা ধরনের যানবাহনকে চরম ঝুঁকি নিয়ে রেললাইন পার হতে হচ্ছে। কখন কোন দিক থেকে ট্রেন চলে আসে, সেই আতঙ্ক নিয়েই চলাচল করছেন তাঁরা।
সরেজমিনে দেখা গেছে, জেলার বিভিন্ন এলাকায় রেললাইনের ওপর দিয়ে তৈরি হয়েছে অসংখ্য চলাচলের রাস্তা। দুই পাশে রয়েছে পাকা সড়ক, দোকানপাট ও বসতবাড়ি। সমতল রেললাইনের ওপর দিয়ে কোনো গেট বা সংকেত ছাড়াই অবাধে পারাপার হচ্ছে মানুষ ও যানবাহন। কোথাও ট্রেন আসার সময় স্থানীয় বাসিন্দারাই বাঁশ দিয়ে অস্থায়ীভাবে রাস্তা আটকে দেন। আবার কোথাও রেলগেট থাকলেও দায়িত্ব পালনের জন্য নেই কোনো গেটম্যান।
কিছু এলাকায় রেল কর্তৃপক্ষের পক্ষ থেকে ছোট আকারের সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন করা হয়েছে। কিন্তু সাইনবোর্ড ছাড়া দৃশ্যমান নিরাপত্তাব্যবস্থা প্রায় নেই বললেই চলে। ফলে ট্রেন আসছে কি না, তা দেখে নিজেদের সতর্কতার ওপর নির্ভর করেই রেললাইন পার হতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয়দের ভাষ্য, এসব পথ ব্যবহার করলে যাতায়াতের দূরত্ব অনেক কমে আসে। তাই বিপদের আশঙ্কা জেনেও বিকল্প দীর্ঘ পথ এড়িয়ে অনেকেই রেললাইন পার হন। বিশেষ করে শিশু, শিক্ষার্থী ও বয়স্কদের জন্য ঝুঁকি আরও বেশি। সামান্য অসতর্কতা কিংবা এক মুহূর্তের ভুলেই ঘটে যেতে পারে প্রাণঘাতী দুর্ঘটনা।
গাইবান্ধা সদর উপজেলার মোল্লার বাজার এলাকায় রেললাইন পার হওয়ার সময় মোটরসাইকেলচালক ঈসমাইল হোসেন বলেন, এই রেললাইনের ওপর দিয়ে তৈরি রাস্তাটি দীর্ঘদিনের। এখানে কোনো গেটম্যান নেই। অথচ প্রতিদিন হাজার হাজার মানুষ ও যানবাহন চলাচল করে। এত গুরুত্বপূর্ণ স্থানে গেটম্যান নিয়োগ করা জরুরি হলেও কর্তৃপক্ষ এখনো কোনো ব্যবস্থা নিচ্ছে না।
মোল্লার বাজারের ব্যবসায়ী বাবলু মিয়া বলেন, রেললাইনের দুই পাশে বেশ কিছু দোকানপাট গড়ে উঠেছে। কেনাকাটার জন্য প্রতিদিন মানুষ এক পাশ থেকে অন্য পাশে যাতায়াত করেন। অনেক বয়স্ক মানুষ ট্রেনের শব্দও ঠিকমতো শুনতে পান না। এখানে গেটম্যান না থাকলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
শহরের বাসিন্দা শরিফুল ইসলাম বলেন, রেলক্রসিংয়ের দুই পাশে পৌরসভা ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) পাকা রাস্তা রয়েছে। পাকা রাস্তা থাকায় স্বাভাবিকভাবেই মানুষ ও যানবাহন চলাচল করবে। কিন্তু সেখানে গেটম্যান নেই। দুর্ঘটনা ঘটলে কেউ দায় নিতে চায় না। সমস্যার সমাধান না করে বরং নতুন করে ঝুঁকি তৈরি করা হচ্ছে।
নাগরিক সংগ্রাম কমিটির সদস্য গোলাম রব্বানী মূসা বলেন, রেললাইনের ওপর দিয়ে অসংখ্য রাস্তা তৈরি হয়েছে। এসব স্থানে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। দুর্ঘটনা এড়াতে যেসব স্থানে রেলক্রসিং রয়েছে, সেখানে দ্রুত গেটম্যান নিয়োগ করতে হবে। তা সম্ভব না হলে ঝুঁকিপূর্ণ ক্রসিংগুলো বন্ধ করে দিতে হবে। অন্যথায় মানুষকে জীবনের ঝুঁকি নিয়েই চলাচল করতে হবে।
সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু বলেন, রেললাইনের দুই পাশের জমি রেলের। এসব জমি কিছু অসাধু কর্মকর্তা আইন উপেক্ষা করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে লিজ দিচ্ছেন বলে অভিযোগ রয়েছে। লিজ নেওয়ার পর সেখানে দোকানপাট, ঘরবাড়ি ও বাজার গড়ে উঠছে। ফলে মানুষের চলাচলের প্রয়োজনে রেললাইনের ওপর নতুন নতুন রাস্তা তৈরি হচ্ছে। যত বেশি রাস্তা তৈরি হচ্ছে, দুর্ঘটনার ঝুঁকিও তত বাড়ছে।
তিনি আরও বলেন, রেলের জায়গায় যেখানে-সেখানে বাড়িঘর, দোকানপাট ও বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তোলা বন্ধ করা গেলে অবৈধ ও অরক্ষিত পারাপারের পথ কমবে। এতে রেল দুর্ঘটনাও কমানো সম্ভব হবে।
গাইবান্ধা রেলওয়ে থানার পুলিশ উপপরিদর্শক (আইসি) আব্দুল গণি বলেন, মানুষ জীবনের ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হন। গত এক বছরে গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে ২২ জন নারী-পুরুষ মারা গেছেন।
গাইবান্ধা রেলওয়ে স্টেশন মাস্টার সুমিত সরকার বলেন, স্থানীয়রা অনুমতি ছাড়াই এসব অরক্ষিত রেলক্রসিং তৈরি করছেন। রেলওয়ের ইঞ্জিনিয়ারিং বিভাগের নির্ধারিত লেভেল ক্রসিংগুলোতে গেটম্যান রয়েছেন। তবে রেললাইনের ওপর দিয়ে স্থানীয়ভাবে তৈরি করা রাস্তার দুই পাশে মানুষকে সতর্ক করতে সাইনবোর্ড দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, কিছু গুরুত্বপূর্ণ স্থানে গেটম্যান নিয়োগের চাহিদা জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে।
স্থানীয়দের দাবি, দুর্ঘটনার পর তদন্ত কিংবা সতর্কবার্তা নয়—প্রাণহানি ঠেকাতে এখনই কার্যকর নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রতিটি ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে গেট ও গেটম্যান নিয়োগের পাশাপাশি অবৈধ পারাপারের পথ বন্ধে নিতে হবে কার্যকর উদ্যোগ। মানুষের জীবন রক্ষায় রেল কর্তৃপক্ষের দায়িত্বশীল পদক্ষেপ এখন সময়ের দাবি।