
রাজবাড়ীতে দৈনিক আজকের দর্পণের এক যুগ পূর্তি উদ্যাপন
স্টাফ রিপোর্টার মোঃ হাসান খান
রাজবাড়ীর গোয়ালন্দে উৎসবমুখর পরিবেশে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় দৈনিক আজকের দর্পণ পত্রিকার এক যুগ পূর্তি ও বর্ষপূর্তি উদ্যাপন করা হয়েছে।
রবিবার (২২ নভেম্বর) বিকেল ৩টায় জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) রেস্ট হাউসে এ উপলক্ষে আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার, প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. আবুল হোসেন মোল্লা, দৈনিক সংবাদের উপজেলা প্রতিনিধি শেখ রাজীব, দৈনিক ইনকিলাবের উপজেলা প্রতিনিধি মোজাম্মেল হক লাল্টু, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. জহুরুল ইসলাম হালিম, দৈনিক গণমুক্তির রাজবাড়ী প্রতিনিধি মো. সাইফুর রহমান পারভেজ, আনন্দ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মো. কামাল হোসেন, এটিএন বাংলা নিউজের প্রতিনিধি মো. সুজন খন্দকার, আগামীর সময় পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. ফয়সাল আহমেদ, চ্যানেল এসের উপজেলা প্রতিনিধি জাহিদুল ইসলাম এবং দৈনিক আজকের দর্পণের রাজবাড়ী প্রতিনিধি মো. শাকিল মোল্লাসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
অনুষ্ঠানে গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি আসজাদ হোসেন আজু শিকদার বলেন, একটি সংবাদপত্রের এক যুগের পথচলা নিঃসন্দেহে গৌরব ও অর্জনের বিষয়। সংবাদপত্র সমাজের দর্পণ হিসেবে কাজ করে। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, সত্য ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সাধারণ মানুষের সুখ-দুঃখ ও প্রত্যাশার কথা তুলে ধরার মধ্য দিয়েই একটি সংবাদপত্র পাঠকের আস্থা ও বিশ্বাস অর্জন করে। দৈনিক আজকের দর্পণ আগামীতেও পেশাদারত্ব, নিরপেক্ষতা ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত অন্যান্য বক্তারাও দৈনিক আজকের দর্পণের এক যুগের পথচলাকে অভিনন্দন জানান এবং পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। তাঁরা গণমাধ্যমের স্বাধীনতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের পেশাগত সততা ও দায়িত্বশীলতার ওপর গুরুত্বারোপ করেন।
পরে আলোচনা সভা ও শুভেচ্ছা বিনিময় শেষে অতিথিদের অংশগ্রহণে কেক কাটা হয়। আনন্দঘন পরিবেশে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।