
নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়ায় নাভারণ হাইওয়ে থানা পুলিশের অভিযানে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজাসহ ইকরামুল ইসলাম (নামে এক ব্যক্তিকে) আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১০০ সিসির একটি ওয়ালটন মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১২টার দিকে যশোর-সাতক্ষীরা মহাসড়কের বাগআঁচড়া (বাগুড়ী) এলাকায় ডা. মশিয়ার রহমান ডিগ্রি মহিলা কলেজের সামনে স্থাপিত অস্থায়ী চেকপোস্টে এ অভিযান চালানো হয়।
আটক ইকরামুল ইসলাম বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর পূর্বপাড়া গ্রামের শিরাজুল ইসলামের ছেলে।
হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল নিয়ন্ত্রণ ও সড়কে শৃঙ্খলা বজায় রাখতে সার্জেন্ট মিরাজ হোসেনের নেতৃত্বে বাগুড়ী বেলতলা এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। এ সময় একটি মোটরসাইকেলকে থামার সংকেত দিলে চালক পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ তাকে মোটরসাইকেলসহ আটক করে।
পরে মোটরসাইকেলের বাম পাশের হ্যান্ডেলে ঝুলিয়ে রাখা একটি বাজারের ব্যাগ তল্লাশি করে ১ কেজি ২৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ সময় গাঁজা ও মোটরসাইকেলটি জব্দ করা হয়।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কেরামত আলী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া শেষে তাকে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।
তিনি আরও জানান, মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, অবৈধ মালামাল পরিবহন ও পাচার প্রতিরোধে হাইওয়ে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।