
রাজনৈতিক শৃঙ্খলা ও সতর্কতার বার্তা রামপালে, মতবিনিময়ে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল
আরিফ হাসান গজনবী
রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখা, নাশকতা ও যেকোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সজাগ, সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, এমপি। একই সঙ্গে দায়িত্বশীল রাজনৈতিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (২১ নভেম্বর ২০২৬) বিকেল ৪টায় বাগেরহাটের রামপাল উপজেলা অডিটোরিয়ামে উপজেলা বিএনপি, যুবদল, মহিলাদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভায় রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, কেউ যদি মনে করেন, যিনি পালিয়ে গেছেন, তিনি বেনাপোল দিয়ে ‘টুস করে’ ঢুকে যাবেন, তাহলে সেই স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।
দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে হামলা, লুটপাট ও হত্যার রাজনীতির অভিযোগ তুলে শেখ ফরিদুল ইসলাম বলেন, নড়াইলে দুইজনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শেখ হাসিনার রাজনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে তিনি অভিযোগ করেন, নিজের স্বার্থে তিনি দলের লোকজনকেও হত্যার পথে ঠেলে দিতে পারেন। গোপালগঞ্জে আন্দোলনের নামে হত্যাকাণ্ড ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে বিএনপি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দেয়নি বলে দাবি করেন প্রতিমন্ত্রী।
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, জনগণ বিএনপিকে দেশ পরিচালনার দায়িত্ব দিয়েছে। তাই আইন নিজের হাতে তুলে না নিয়ে প্রশাসনিকভাবে পরিস্থিতি মোকাবিলা করতে হবে। শান্তিপূর্ণ পরিবেশ, রাজনৈতিক সহাবস্থান ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। একই সঙ্গে রাজনৈতিক ষড়যন্ত্রের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এ জনপদে দীর্ঘদিন একটি রাজনৈতিক দল দায়িত্ব পালন করায় অনেক মানুষ ইচ্ছায় কিংবা অনিচ্ছায় সেই দলের সঙ্গে যুক্ত ছিলেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, এসব বিষয় নিয়ে বিএনপির কোনো মাথাব্যথা নেই। বিএনপি উদারপন্থি গণতান্ত্রিক দল হিসেবে কখনো কোনো দলকে নিষিদ্ধ করেনি বলে দাবি করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার প্রসঙ্গে বিগত অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন শেখ ফরিদুল ইসলাম।
নির্বাচনে জনগণের দেওয়া রায় ও প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে তিনি বলেন, জনগণ ভোটের মাধ্যমে পাঁচ বছরের জন্য বিএনপিকে নির্বাচিত করেছে। এই পাঁচ বছর শান্তিপূর্ণভাবে দেশ পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, তারাই দেশ পরিচালনার দায়িত্ব পাবে।
মোংলা বন্দরের উন্নয়ন ও বিনিয়োগের সম্ভাবনা তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি পরপর দুইবার মোংলা বন্দর পরিদর্শন করেছেন। সেখানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগের সম্ভাবনা তৈরি হয়েছে, যা এ অঞ্চলে কর্মসংস্থান ও অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ভূমিকা রাখবে।
এ জনপদের মানুষ মাদক ও সন্ত্রাস থেকে দূরে থাকুক, তাদের জীবনমান উন্নত হোক—এটাই প্রত্যাশা উল্লেখ করে তিনি বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রে কেউ জড়িত হলে তাকে কঠোর শাস্তির আওতায় আনা হবে।
মতবিনিময় সভায় রামপাল উপজেলা বিএনপির সভাপতি হাফিজুর রহমান তুহিন, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন বাবু, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পিয়াল ও সাবেক সদস্যসচিব কাজী জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।
এ ছাড়া রামপাল উপজেলার ১০টি ইউনিয়ন বিএনপির নির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ অংশ নেন। উপজেলা যুবদলের আহ্বায়ক জিয়াউল হক জিয়া, সদস্যসচিব এস এম আলমগীর কবির বাচ্চু, যুবদল নেতা গাজী শাহাজালাল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কাজী অজিয়ার রহমান, সদস্যসচিব মাঝারুল ইসলাম ইয়ামিন, সংগঠনের সাবেক সভাপতি ও সদস্য মোল্লা তরিকুল ইসলাম শোভন সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় সাংগঠনিক কার্যক্রম, রাজনৈতিক পরিস্থিতি ও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে উপস্থিত নেতারা মতামত তুলে ধরেন।