
কোম্পানীগঞ্জে শত বছরের পুরোনো রাস্তা দখলের অভিযোগ, বায়নামায় জাল স্বাক্ষর দাবি মূল মালিকের স্ত্রীর
বিশেষ প্রতিনিধি সিলেট :
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ৬নং দক্ষিণ রনিখাই ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মহিষখের এলাকায় শত বছরের পুরোনো একটি গ্রামীণ রাস্তা জবরদখল করে বাঁশের বেড়া নির্মাণের অভিযোগ উঠেছে স্থানীয় জমির মালিক জমসিদ আলীর (৫৫) বিরুদ্ধে। এতে ওই এলাকার বাসিন্দাদের চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। দীর্ঘদিনের ব্যবহৃত রাস্তা নিয়ে এলাকায় বিরোধ ও উত্তেজনা বিরাজ করছে।
স্থানীয়দের অভিযোগ, জমসিদ আলী (পিতা: ওয়াজেদ আলী) কয়েক বছর আগে তাঁর এক ভাতিজার কাছ থেকে রাস্তার পাশের জমি ক্রয় করেন। তবে এলাকাবাসীর দাবি, জমি বিক্রির সময় রাস্তার জায়গা বাদ রেখেই জমি হস্তান্তর করা হয়েছিল। কিন্তু পরবর্তী সময়ে জমসিদ আলী ওই জমির মালিকানা দাবি করে ধীরে ধীরে রাস্তার জায়গা দখলের চেষ্টা করেন। একপর্যায়ে রাস্তার ওপর বাঁশের বেড়া নির্মাণ করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন।
বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের আশঙ্কা দেখা দিলে জমির প্রকৃত মালিকানা ও রাস্তার অবস্থান নিয়ে পুনরায় অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে জমির মালিকানা নিয়ে নতুন প্রশ্ন সামনে আসে।
জমির প্রকৃত মালিকানা সম্পর্কে জানতে ৫নং উত্তর রনিখাই ইউনিয়নের নয়া বস্তি এলাকায় বসবাসরত প্রয়াত ইছবর আলীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলা হয়। ইছবর আলীর স্ত্রী শামসুন্নাহার জানান, ২০২১ সালে জমসিদ আলী তাঁর স্বামী ইছবর আলীর কাছ থেকে ওই জমি ক্রয় করেন। তবে জমির সম্পূর্ণ টাকা এখনো পরিশোধ করা হয়নি। এ কারণে এখন পর্যন্ত জমিটির দলিল রেজিস্ট্রি সম্পন্ন হয়নি।
শামসুন্নাহার আরও দাবি করেন, জমি বিক্রির সময় রাস্তার জায়গা বাদ রেখেই জমি বিক্রি করা হয়েছিল। তাঁর ভাষ্য, জীবদ্দশায় তাঁর স্বামী ইছবর আলী নিজেই ওই রাস্তা মাটি দিয়ে ভরাটের কাজ করিয়েছিলেন। তাহলে তিনি কেন রাস্তার জায়গাসহ জমি বিক্রি করবেন—এমন প্রশ্নও তোলেন তিনি।
এ ছাড়া জমির বায়নানামা পত্রে তাঁর স্বাক্ষর জাল করা হয়েছে বলেও অভিযোগ করেন শামসুন্নাহার। তাঁর দাবি, তিনি লেখাপড়া জানেন না এবং স্বাক্ষরের পরিবর্তে টিপসই ব্যবহার করেন। অথচ বায়নানামা পত্রে তাঁর স্বাক্ষর দেখানো হয়েছে বলে তিনি দাবি করেন। তাঁর অভিযোগ, তাঁর অনুপস্থিতিতে প্রস্তুত করা ওই বায়নানামা পত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করে জনসাধারণের চলাচলের রাস্তা বন্ধ করা হয়েছে।
এ বিষয়ে প্রয়াত ইছবর আলীর ছোট ভাই আমির আহমদ বলেন, জমসিদ আলী তাঁর বড় ভাইয়ের কাছ থেকে যে জমি কিনেছেন, সেটি তাঁদের পৈতৃক সম্পত্তি ছিল। ওই সম্পত্তির উত্তরাধিকারী সব ভাই-বোন। জমসিদ আলী জমি কেনার বিষয়টি জানানোর পর রাস্তা নিয়ে এলাকাবাসীর সঙ্গে বিরোধের কথা জানতে পেরে তিনি তাঁকে বিষয়টি সমাধানের অনুরোধ করেন।
আমির আহমদের ভাষ্য, ‘রাস্তাটি পূর্বকাল থেকেই প্রায় ১০টি পরিবারের চলাচলের পথ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। আমি জমসিদ আলীকে বলেছিলাম, তিনি আমার বড় ভাইয়ের কাছ থেকে যতটুকু জমি কিনেছেন, সেটুকু ভোগদখলে রাখুন। রাস্তা নিয়ে বাড়াবাড়ি করবেন না।’
তিনি আরও বলেন, জমির দলিল এখনো রেজিস্ট্রি না হলেও তাঁরা জমিটি তাঁর নামে রেজিস্ট্রি করে দিতে রাজি ছিলেন। কিন্তু জনসাধারণের চলাচলের রাস্তা দখল না করার অনুরোধ জানানোর পরও জমসিদ আলী তা মানেননি। বরং তাঁর মৃত বড় ভাইকে নিয়ে এলাকাবাসীর কাছে গালাগাল শুনতে হচ্ছে বলেও আক্ষেপ করেন তিনি।
আমির আহমদ আরও অভিযোগ করেন, জমসিদ আলী তাঁর বড় ভাইয়ের স্ত্রীকে এলাকাবাসীর বিরুদ্ধে মামলা করার পরামর্শ দেওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে ইছবর আলীর ছেলে তাঁর মাকে মামলা না করার অনুরোধ জানান। পরবর্তী সময়ে জমসিদ আলী নিজেই এলাকাবাসীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন বলে জানান তিনি।
আমির আহমদের দাবি, ওই জমি তাঁদের প্রত্যেক ভাই-বোনের নামে নামজারি হয়েছে এবং প্রিন্ট পর্চাও রয়েছে। প্রয়াত ইছবর আলীর অন্যান্য আত্মীয়স্বজনও জমি ও রাস্তা নিয়ে একই ধরনের বক্তব্য দিয়েছেন।
এদিকে বিষয়টি সম্পর্কে কোম্পানীগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযোগটি দ্রুত খতিয়ে দেখা হবে। ঘটনার সম্পূর্ণ সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অন্যদিকে এ বিষয়ে বক্তব্য জানতে জমসিদ আলীর বাড়িতে গেলে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ও তাঁর সন্তানেরা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
স্থানীয়দের দাবি, শত বছরের পুরোনো এই রাস্তার প্রকৃত অবস্থান ও জমির মালিকানা নিরপেক্ষভাবে তদন্ত করে জনসাধারণের চলাচল স্বাভাবিক করা হোক। পাশাপাশি জমির কাগজপত্র, বায়নানামা এবং রাস্তার সরকারি বা ব্যক্তিগত অবস্থান যাচাই করে দ্রুত বিরোধের নিষ্পত্তি চান তাঁরা।