
মোস্তাফিজুর রহমান লিটন রাজশাহী ব্যুরোঃ
নাটোরের লালপুরে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫, রাজশাহী।
বুধবার (৪ নভেম্বর ২০২৬) দুপুর আনুমানিক ২টার দিকে উপজেলার দুরদুরিয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামসংলগ্ন পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় একটি আখক্ষেত থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, পানসিপাড়া গ্রামের পদ্মা নদীর উত্তর পাড়ের চর এলাকায় একটি আখক্ষেতের মধ্যে ছেঁড়া প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় সন্দেহজনক কিছু পড়ে রয়েছে।
এ তথ্যের ভিত্তিতে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে তাঁদের নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে এসআরবির একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে স্থানীয় লোকজনের উপস্থিতিতে সন্দেহজনক ছেঁড়া প্লাস্টিকের বস্তাটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। এ সময় উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন বিধি অনুযায়ী জব্দ করা হয়।
এসআরবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত আলামত পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জিডিমূলে নাটোরের লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিষ্ঠার পর থেকেই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বিভিন্ন অপরাধের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। সন্ত্রাস, সংঘবদ্ধ অপরাধ, মাদক, অবৈধ অস্ত্র ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে বাহিনীটির সদস্যরা নিরলসভাবে কাজ করছেন।