
নিজেদের স্বাক্ষরে অনুমোদন, উপকমিটিতে নিজেদেরই পদ!
রাকিবুল হাসান রাকিব
সদর উপজেলা প্রতিনিধি লক্ষীপুর
লক্ষ্মীপুরে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের ফৌজদারি আইনগত সহায়তা উপকমিটি গঠন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা সৃষ্টি হয়েছে।
উপকমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনটির জেলা আহ্বায়ক এডভোকেট জি এইচ এম আব্দুর নূর ও সদস্য সচিব এডভোকেট মোঃ নুরুল হুদা পাটওয়ারী। তবে কমিটির তালিকায় অনুমোদনদাতা এই দুই নেতারই পদ থাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।
প্রাপ্ত কমিটির তালিকা অনুযায়ী, জেলা আহ্বায়ক এডভোকেট জি.এইচ.এম আব্দুর নূর উপকমিটিতে সদস্য হিসেবে রয়েছেন। অন্যদিকে, জেলা সদস্য সচিব এডভোকেট মোঃ নুরুল হুদা পাটওয়ারীকে রাখা হয়েছে যুগ্ম আহ্বায়ক পদে।
অর্থাৎ, যে দুই নেতা উপকমিটি অনুমোদন দিয়েছেন, তাঁদের দুজনই আবার ওই কমিটিতে পদ পেয়েছেন।
বিষয়টি সদস্য সচিব এডভোকেট মোঃ নুরুল হুদা পাটওয়ারীর ফেসবুক পোস্টের মাধ্যমে সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যম নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। অনেকে কমেন্টে লিখছেন, “নিজের স্বাক্ষরে নিজেই নেতা! আওয়ামী লীগকে কত হাসির খোরাক বানাবেন.?”
নাম প্রকাশ না করার শর্তে আওয়ামী সমর্থিত কয়েকজন আইনজীবী জানান, কিছুদিন আগে ঘোষণাকৃত জেলা আইন সহায়ক পরিষদের কমিটি ঘীরে আজকে উনারা এমন কমিটি করেছেন।
এ বিষয়ে জানতে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী পরিষদের সদস্য সচিব এডভোকেট মোঃ নুরুল হুদা পাটওয়ারীকে মুঠোফোন কয়েকবার কল করলেও রিসিভ করেন নি তিনি।