
মো: সুজন আহমেদ ( সাভার উপজেলা) প্রতিনিধি:
ঢাকার অদূরে আশুলিয়ার জামগড়া এলাকায় একটি পোশাক কারখানায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১৪ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা পৌনে ৭টার দিকে জামগড়া চৌরাস্তা এলাকার এস সূহী ইন্ডাস্ট্রিয়াল পার্ক চত্বরে ভ্রাম্যমাণ এলপিজি সিলিন্ডারবাহী লরিতে বিস্ফোরণের পর আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নিহত মোছাম্মত জয়নব বেগম (৫৫) গাজীপুরের কাশিমপুরের ইসরকান্দি এলাকার বাসিন্দা এবং মো. আলীর স্ত্রী।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিকট শব্দে একাধিক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বিস্ফোরণের তীব্রতায় একটি সিলিন্ডারের অংশ ছিটকে পাশের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা জয়নব বেগমের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহতের মেয়ে জানান, স্বামীর মৃত্যুর পর তিনি জামগড়ায় দর্জির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। কয়েকদিন আগে তার মা বেড়াতে এসেছিলেন। ঘটনার সময় তিনি দোকানে কাজ করছিলেন এবং তার মা বাইরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিস্ফোরণের পর উড়ে আসা সিলিন্ডারের আঘাতে তার মায়ের মৃত্যু হয়। এ ঘটনায় তার ছেলেও আহত হয়েছে এবং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় বাসিন্দা জনি জানান, বিস্ফোরণের পর আগুন ও উড়ে আসা লোহার খণ্ডের আঘাতে বেশ কয়েকজন আহত হন। তিনি নিজেই দুজন দগ্ধ শ্রমিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। বিস্ফোরণের ধাক্কায় পাশের বাড়িঘর ও সড়কেও ক্ষয়ক্ষতি হয়েছে এবং রিকশাচালকসহ আরও কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতালের ব্যবস্থাপক হারুন অর রশীদ জানান, রাত ৯টা পর্যন্ত অগ্নিকাণ্ডে আহত বা দগ্ধ অন্তত ১৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে দুজনের শরীরের বেশির ভাগ অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
প্রীতি গ্রুপের এফ অ্যান্ড এফ কারখানার প্রশাসনিক ব্যবস্থাপক হেমায়েত বলেন, কারখানার ভেতরে কোনো শ্রমিক আটকে ছিলেন না। আগুন কারখানার সীমানা প্রাচীরসংলগ্ন একটি অংশে ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক হাফিজুর রহমান জানান, সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর পেয়ে জিরাবো ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট পাঠানো হয়। তবে বাইপাইল এলাকায় তীব্র যানজটের কারণে ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। পরে ইপিজেড ফায়ার স্টেশনের ইউনিটসহ মোট চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। রাত ৮টার দিকে আগুন নিয়ন্ত্রণে এলেও গ্যাসের উপস্থিতি থাকায় কাভার্ড ভ্যান ও এলপিজি সিলিন্ডারগুলো ঠান্ডা করার কাজ চলতে থাকে।
তিনি আরও বলেন, শ্রমিকদের তথ্যমতে কাভার্ড ভ্যানে করে এলপিজি সিলিন্ডার এনে কারখানায় ব্যবহার করা হতো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখান থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুনের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম বলেন, কারখানার গেটের সামনে থেকে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। কারখানার ভেতরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন পাশের একটি পরিত্যক্ত স্থানে ছড়িয়ে পড়ে। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।