
মোঃ আলমগীর বান্দরবান জেলা প্রতিনিধি:
পার্বত্যমন্ত্রী হিসেবে প্রথমবার বান্দরবান রাজপুত্র সাচিং প্রু
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় বান্দরবানে যাচ্ছেন রাজপুত্র সাচিং প্রু জেরী। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান ৩০০ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। শপথ গ্রহণসহ আনুষ্ঠানিক বিভিন্ন কার্যক্রমে অংশ নিতে এত দিন ঢাকায় অবস্থান করছিলেন তিনি।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) পার্বত্যমন্ত্রী হিসেবে প্রথম সরকারি সফরে নিজ নির্বাচনী এলাকা বান্দরবানে যাবেন সাচিং প্রু জেরী।
সোমবার (৩১ আগস্ট) রাত ১০টায় ঢাকার বেইলি রোডে অবস্থিত পার্বত্য চট্টগ্রাম কমপ্লেক্স থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে সড়কপথে যাত্রা করবেন তিনি। পরে কমলাপুর থেকে ট্রেনে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হবেন।
মঙ্গলবার ভোর ৫টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছে চট্টগ্রাম সার্কিট হাউসে অবস্থান করবেন মন্ত্রী। দুপুর ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউস থেকে বান্দরবানের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।
দুপুর ২টায় নীলাচল সড়কের সংযোগস্থলে হোটেল হিল রেইনবো উদ্বোধন করবেন সাচিং প্রু জেরী। বিকেল ৩টায় বান্দরবান প্রেসক্লাব চত্বরে জেলা বিএনপির আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে যোগ দেবেন তিনি।
বিকেল ৫টায় নিজ বাসভবন রাজবাড়িতে অবস্থান করবেন এবং সেখানে রাতযাপন করবেন পার্বত্যমন্ত্রী।
পরদিন বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বান্দরবান পৌরসভায় কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন তিনি। সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে।
এরপর দুপুর ২টায় চট্টগ্রামের উদ্দেশ্যে বান্দরবান ত্যাগ করবেন সাচিং প্রু জেরী। বিকেল সাড়ে ৪টায় চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে পৌঁছাবেন তিনি।