
রাজশাহী ব্যুরো:
০১ লা সেপ্টেম্বর ‘ ২৬ মঙ্গলবার,মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির আওতায় রাজশাহী সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৪৬ বোতল ভারতীয় মদ ও ৮৫ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর আওতাধীন বিদিরপুর ও খানপুর বিওপির সদস্যরা পৃথক অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য জব্দ করেন।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিদিরপুর বিওপির একটি আভিযানিক দল গোদাগাড়ী থানার হরিশংকরপুর এলাকার বালুরঘাটে অবস্থান নেয়। দীর্ঘসময় সেখানে ওৎ পেতে থাকার পর রাত আনুমানিক ১২টা ৪০ মিনিটের দিকে একজন ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বালুরঘাটের রাস্তার দিকে আসতে দেখা যায়।
বিজিবি সদস্যরা তাকে আটক করার জন্য ধাওয়া করলে ওই ব্যক্তি বস্তাটি ফেলে দ্রুত পালিয়ে যায়। পরে বস্তাটি তল্লাশি করে ৪৬ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়। জব্দকৃত মদগুলো মালিকবিহীন হিসেবে দেখানো হয়েছে। এ ঘটনায় জব্দকৃত মাদকদ্রব্য গোদাগাড়ী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
অন্যদিকে, একই রাতে আনুমানিক ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী ব্যাটালিয়নের অধীন খানপুর বিওপির একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাটাখালী থানার খানপুর পশ্চিমপাড়া এলাকার একটি আমবাগানে অভিযান চালায়।
বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে সেখানে কাউকে পাওয়া যায়নি। পরে আমবাগানে তল্লাশি চালিয়ে একটি বস্তার ভেতর থেকে ৮৫ বোতল ভারতীয় ‘Eskuf’ সিরাপ জব্দ করা হয়। এসব সিরাপও মালিকবিহীন অবস্থায় জব্দ করা হয়েছে। জব্দকৃত সিরাপ কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজিবি জানায়, মাদক চোরাচালান ও কারবারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নিতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধে বিজিবির অভিযান আরও জোরদার করা হয়েছে।