
ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনার ডুমুরিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক ও জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বেলা ১১টায় ডুমুরিয়া উপজেলা কমপ্লেক্স মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে, জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবং উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সবিতা সরকার।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দেবাশীষ বিশ্বাস, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস এম কামরুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী বিশ্বাস, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হুদা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গাজী সাইফুল ইসলাম, উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোরঞ্জন রায়।
এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা সরদার আব্দুল মালেক, বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, প্রধান শিক্ষক জেসমিন আক্তারসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত, সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তাদের মেধা ও সৃজনশীলতা বিকাশের আহ্বান জানান।
পরে নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার কার্যক্রম শুরু হয়।