
শাহীন আলম ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ভ্যানগাড়ি ও ইঞ্জিনচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় সাকিল হাসান (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
নিহত সাকিল হাসান ফরিদপুর সদর উপজেলার উত্তর ঝিলটুলী এলাকার নুর ইসলামের ছেলে বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাত প্রায় ১১টার দিকে ভাঙ্গা থানার পাঁচ্চর থেকে নাওডোবার পথে দুর্ঘটনাটি ঘটে। সাকিল একটি ভ্যানগাড়িতে করে গন্তব্যে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ইঞ্জিনচালিত ইজিবাইকের সঙ্গে ভ্যানটির সংঘর্ষ হলে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগ থেকে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে। এ ঘটনায় পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।