
গোয়ালন্দে মাদকবিরোধী অভিযানে নারীসহ ৩ জনের কারাদণ্ড
স্টাফ রিপোর্টার:
রাজবাড়ীর গোয়ালন্দে মাদকবিরোধী মোবাইল কোর্ট অভিযানে হেরোইন, ইয়াবা ও গাঁজাসহ এক নারীসহ তিনজনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে গোয়ালন্দ উপজেলার চর করনেশন, জুরান মোল্লাপাড়া ও দৌলতদিয়া যৌনপল্লী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন- চর করনেশন এলাকার সাকাই খানের ছেলে নোয়াই খান (৩৬), জুরান মোল্লাপাড়া এলাকার মোঃ মফিজুর রহমানের ছেলে রাজু মাহমুদ (৩৫) এবং দৌলতদিয়া যৌনপল্লী এলাকার মৃত দুলাল শেখের মেয়ে মুন্নি (৫০)।
গোয়ালন্দ উপজেলা সহকারী কমিশনার (ভূমি),
মো. মুনতাসির হাসান খানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। এ সময় আটক ব্যক্তিদের দেহ তল্লাশি করে হেরোইন, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।
পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত নোয়াই খান ও রাজু মাহমুদকে ছয় মাস করে এবং মুন্নিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রত্যেককে ১০০ টাকা করে মোট ৩০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
রাজবাড়ী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক, মো. রাসেল আলী রোববার বিকেলে অভিযানের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।