
নুর হোসেন শার্শা (যশোর)প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী বেনাপোল সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা গেছে, যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধীন বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সোনপাপড়ি, ৫৫০টি চকলেট ও ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়।জব্দ করা পণ্যগুলোর আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, সীমান্ত দিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্যের পাচার প্রতিরোধে বিজিবির বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।তিনি আরও জানান, নিয়মিত অভিযানের মাধ্যমে যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সীমান্তে চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।