
চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার মোক্তারপুর গ্রামে বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় খাইরুল ইসলাম (৮)) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত খাইরুল ইসলাম মোক্তারপুর গ্রামের বাসিন্দা শামসুল আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মোক্তারপুর এলাকার একটি ইটভাটার কাছে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল শিশু খাইরুল ইসলাম কে
সজোরে ধাক্কা দেয়। এতে সে মারাত্মকভাবে আহত হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ঢাকায় স্থানান্তর (রেফার্ড) করেন। পরে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
একটি অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা কেড়ে নিল নিষ্পাপ এই শিশুর প্রাণ। খাইরুল ইসলামের এমন অকাল মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।