
অনিক কুমার পাল মৃন্ময়, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করা এবং বাজারে কৃত্রিম সংকট রোধে সরাসরি মাঠে নেমেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। অদ্য ২৭ আগস্ট (২০২৬) তিনি ময়মনসিংহ সদর উপজেলার শম্ভুগঞ্জ বাজারের বিভিন্ন সারের ডিলারের গুদাম সরেজমিনে পরিদর্শন ও তল্লাশি অভিযান পরিচালনা করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক বিভিন্ন গুদামে সার মজুদের প্রকৃত পরিমাণ, সরকারি সরবরাহ এবং দৈনিক বিক্রয় রসিদ যাচাই-বাছাই করেন। একই সাথে তিনি উপস্থিত ডিলারদের সরকার নির্ধারিত দামে সার বিক্রির কঠোর নির্দেশনা প্রদান করেন।এ সময় অসৎ ব্যবসায়ীদের কড়া হুঁশিয়ারি দিয়ে জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান বলেন, “অবৈধভাবে সার মজুদ করে কৃত্রিম সংকট তৈরি, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি কিংবা কৃষকদের কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না। অভিযানে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।”জনস্বার্থ রক্ষায় জেলা প্রশাসনের এমন নজরদারি ও কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
পরিদর্শনকালে জেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এবং কৃষি অধিদপ্তরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তারা উপস্থিত ছিলেন।