
রাসিক প্রশাসকের সঙ্গে হাইটেক হসপিটাল চেয়ারম্যানের সাক্ষাৎ
মোস্তাফিজুর রহমান লিটন
রাজশাহী ব্যুরো
রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুরে নগর ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষ রাজশাহীবাসীর জন্য স্বল্প ব্যয়ে মানসম্মত ও আধুনিক চিকিৎসাসেবা নিশ্চিত করতে তাদের গৃহীত বিভিন্ন কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। একই সঙ্গে নগরবাসীর স্বাস্থ্যসেবার মানোন্নয়নে হাসপাতালের কার্যক্রম পরিচালনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সহযোগিতা কামনা করেন তারা।
হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্যের পরিপ্রেক্ষিতে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন হাইটেক স্পেশালাইজড হসপিটাল কর্তৃপক্ষকে স্বাগত জানান। তিনি বলেন, রাজশাহীর মানুষের জন্য মানসম্মত ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নগরবাসীর কল্যাণে স্বাস্থ্যসেবার পরিধি বাড়াতে বেসরকারি হাসপাতালগুলোর কার্যকর ভূমিকা রয়েছে।
এ সময় রাসিক প্রশাসক নগরবাসীর জন্য মানসম্মত, আধুনিক ও সাশ্রয়ী চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাইটেক স্পেশালাইজড হসপিটালের বিভিন্ন উদ্যোগে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
মতবিনিময় সভায় হাসপাতালের চিকিৎসাসেবা সম্প্রসারণ, আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং রাজশাহীর মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
হাইটেক স্পেশালাইজড হসপিটালের চেয়ারম্যান প্রফেসর ড. এ কে এম গোলাম কিবরিয়া ডন ও ব্যবস্থাপনা পরিচালক ড. মোঃ বদরুদ্দোজা লাকিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।