
ময়মনসিংহে পশু চিকিৎসককে পিটিয়ে ভাইরাল: প্রধান অভিযুক্ত সেঁজুতি গ্রেপ্তার, ছাত্রদল নেতা বহিষ্কৃত
ময়মনসিংহ জেলা প্রতিনিধি: অনিক কুমার পাল মৃন্ময়
ময়মনসিংহ নগরীর জিলা স্কুল সংলগ্ন ‘ডক্টরস পেট কেয়ার’ চিকিৎসাকেন্দ্রে ঢুকে ভেটেরিনারি চিকিৎসক ডা. মো. আশিকুর রহমানকে জুতা দিয়ে পিটুনি, কিল-ঘুষি ও ভাঙচুরের ঘটনায় প্রধান অভিযুক্ত নারী আফরিন রশিদ সেঁজুতিকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২৩ আগস্ট) দুপুরে নগরীর আকুয়া এলাকার এক বান্ধবীর বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ। সেঁজুতি মাসকান্দা নতুন বাজার এলাকার বাসিন্দা ডা. হারুন অর রশিদের মেয়ে।সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ১ মিনিট ৪৮ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, সেঁজুতি চেম্বারে ঢুকে পা থেকে জুতা খুলে চিকিৎসক ডা. আশিকুর রহমানকে এলেপাতাড়ি মারধর করছেন। এ সময় পাশে থাকা সহযোগী তরুণরা চিকিৎসকের ওপর চড়াও হয় এবং আসবাবপত্র ভাঙচুর করে।ভুক্তভোগী চিকিৎসক কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় অভিযোগ করেন, আসামিরা দীর্ঘদিন ধরে তাঁর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোয় সিসিটিভি সংযোগ বিচ্ছিন্ন করে তাঁকে লোহার রড দিয়ে পেটানো হয়, স্ত্রীকে লাঞ্ছিত করা হয় এবং ক্যাশবাক্স থেকে টাকা লুট করা হয়। তবে অভিযুক্ত পক্ষের দাবি, পোষা বিড়ালের ভুল চিকিৎসায় মৃত্যু এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে এই অপ্রীতিকর ঘটনাটি ঘটেছে।ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, সিসিটিভি ফুটেজ ও তথাকথিত অভিযোগের ভিত্তিতে একটি ধর্তব্য অপরাধের ধারায় মামলা রুজু করা হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং সিসিটিভি ফুটেজে চিকিৎসকের ওপর হামলায় সরাসরি জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
এদিকে সিসিটিভি ফুটেজে হামলায় সরাসরি সম্পৃক্ততা পাওয়ায় অভিযুক্তদের সহযোগী ময়মনসিংহের মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমান প্রতীককে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রদল। গ্রেপ্তারকৃ্ত সেঁজুতিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।